কলকাতা: সিইএসসি-র ‘ভূতুড়ে’ বিদ্যুৎ-বিল নিয়ে এবার রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। অন্য রাজ্যগুলির তুলনায় বিদ্যুতের দাম বাংলাতেই বেশি বলে দাবি এই বাম নেতার। রাজ্যে লুঠ চলছে বলে তোপ দেগে টুইটে সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বামেদের পরিষদীয় দলনেতা সুজন।
লকডাউন পরবর্তী সময়ে সিইএসসি-র গ্রাহকদের অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ভুরি-ভুরি অভিযোগ উঠেছে। গ্রাহকদের হয়রানি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বাড়তি বিদ্যুতের বিল নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার ক্ষোভ জানাতে শুরু করেছেন গ্রাহকরা। তাঁরা বিলের অঙ্ক কমানোর দাবিতে সরব হয়েছেন। এমনকী খোদ বিদ্যুৎমন্ত্রীরও এমাসে চার গুণ বেশি বিল এসেছে।
পাহাড়-প্রমাণ অভিযোগ পেয়েই বিদ্যুৎ ভবনে সিইএসসি কর্তাদের ডেকে পাঠান বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সিইএসসি কর্তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন বিদ্যুৎমন্ত্রী।
পরে তিনি বলেন, ‘আমার সঙ্গে সিইএসসি-কর্তাদের কথা হয়েছে। ওঁরা নতুন করে বিল পাঠাবেন। সেই বিল হাতে না পাওয়া পর্যন্ত কেউ টাকা জমা করবেন না। ওঁরা একটু সময় চেয়েছেন। দু’তিন দিন সময় লাগবে।’
এদিকে, সিইএসসি-র এই ‘ভূতুড়ে’ বিদ্যুৎ-বিল নিয়ে সরব হয়েছে বামেরাও। বাম নেতা সুজন চক্রবর্তী টুইটে এব্যাপারে রাজ্য সরকারকে বিঁধে লেখেন, ‘লুঠ চলছে রাজ্যে। বিদ্যুতের ভুতুড়ে বিল। স্থগিত না, বাতিল করতে হবে। ২০০ ইউনিট পর্যন্ত ছাড় দিতে হবে।’
দেশের অন্য রাজ্যগুলির তুলনায় বাংলাতেই বিদ্যুতের দাম বেশি বলে অভিযোগ সুজনের। এব্যাপারে রাজ্য সরকারের সমালোচনা করে টুইটে তিনি লেখেন, ‘বিদ্যুতের সবচেয়ে বেশি দাম এরাজ্যে কেন? অনুপ্রেরণার খরচ মানুষ বইবে কেন? সরকারি আনুকুল্যে তোলাবাজির বাড়তি বোঝা কেন? বিক্ষোভের পথেই কলকাতাকে জিততে হবে।। রাজ্যের মানুষ জিতবেই।’
যদিও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে কথা বলার পর বিল নিয়ে আপাতত ধীরে চলো নীতি নিয়েছে সিইএসসি। সংস্থার আশ্বাস, কোনও কানেকশন কাটা হবে না। দুশ্চিন্তার কোনও কারণ নেই। ইতিমধ্যেই যাঁরা বিল পেমেন্ট করে দিয়েছেন, তাঁদের ছাড় দেওয়া হবে। গ্রাহকদের সমস্যা মেটাতে সব ব্যবস্থা নেওয়া হবে।
The post ‘লুঠ চলছে রাজ্যে’, সিইএসসি-র ‘ভূতুড়ে’ বিল নিয়ে সরব সুজন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ZPKXit