আমফান দুর্নীতি, প্রতিবাদে বামেদের বিক্ষোভ ও ডেপুটেশন

স্টাফ রিপোর্টার , কলকাতা: আমফান দুর্নীতি নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। গ্রামীণ হাওড়ার একাধিক এলাকায় আমফান ত্রাণে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবার সেই দুর্নীতির প্রতিবাদে ও গরীব খেটে খাওয়া মানুষের ক্ষতিপূরণের দাবিতে পথে নামল একাধিক বামপন্থী সংগঠন। সোমবার সারা ভারত কৃষক সভা,সারা ভারত খেতমজুর ইউনিয়ন,সি.আই.টি.ইউ,অগ্রগামী কৃষক সভার উদ্যোগে উলুবেড়িয়া-২ ব্লকে গণডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষক নেতা গৌতম পুরকাইত,কৃষক সমিতির জেলা সম্পাদক পরেশ পাল,মহিলা নেত্রী অপর্ণা পুরকাইত সহ কয়েক’শো বাম কর্মী-সমর্থক। অন্যদিকে,একই দাবিতে বাগনানের বাইনান ও আমতার থলিয়া গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল এই সংগঠনগুলি।

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, দ্রত মানুষের কাছে ক্ষতিপূরণ পৌঁছে দিতে গিয়েই কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে৷ আমফানের ক্ষতিপূরণ দুর্নীতি নিয়ে এমনই দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর দাবি, যাঁরা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, তিন দিনের মধ্যেই তাঁদের টাকা মিটিয়ে দেওয়া হবে। নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘তাড়াতাড়ি করতে গিয়েই কিছু ক্ষেত্রে ভুল হয়েছে৷ ০.৫ পার্সেন্ট ক্ষেত্রে গন্ডগোল হয়েছে৷ বাম আমলে তো কাউকেই কিছু দেওয়া হত না৷ আমরা দ্রুত মানুষকে সাহায্য পৌঁছে দিতে চেয়েছিলাম৷ কোথাও তো সরকার বলেনি যে বিচার করা হবে না৷’

মুখ্যমন্ত্রী জানান, ক্ষতিপূরণ নিয়ে বেনিয়মের অভিযোগ ওঠার পর চল্লিশ হাজার আবেদনপত্র জমা পড়েছে৷ তার মধ্যে ২৬ হাজার নামই জেলাশাসকের লিস্টে ছিল৷তালিকায় নাম থাকা সত্ত্বেও অধৈর্য হয়ে অনেকে ক্ষতিপূরণ পাওয়ার আগেই অভিযোগ করেছেন বলে দাবি মুখ্যমন্ত্রীর৷ এর বাইরেও যোগ্য বলে চিহ্নিত হওয়ায় ৬ হাজার আবেদনকারীকে নতুন করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে৷ তিন দিনের মধ্যেই ক্যাম্প করে এই ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ আরও ৬ হাজার নাম বাদ দেওয়া হয়েছে বলে জানান তিনি৷

The post আমফান দুর্নীতি, প্রতিবাদে বামেদের বিক্ষোভ ও ডেপুটেশন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/39jN7tY
Post a Comment (0)
Previous Post Next Post