চোপড়ায় নাবালিকা ধর্ষণকাণ্ডের শাস্তির জন্য উচ্চস্তরীয় তদন্তের দাবী এবিভিপি’র

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় : চোপড়ায় নাবালিকা স্কুলছাত্রীর ধর্ষণকাণ্ডে প্রকৃত অভিযুক্তদের গ্রেফতার এবং তাদের যথাযোগ্য শাস্তির জন্য উচ্চস্তরীয় তদন্তের দাবী জানাল এবিভিপি। গেরুয়া শিবিরের অভিযোগ, উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভার বাসিন্দা নাবালিকাকে ধর্ষণ করে তৃণমূল আশ্রিত জনৈক দুস্কৃতিরা। পরিবারের দাবি, শুধু ধর্ষণ নয়, পাশবিক অত্যাচারের পর তাকে বিষ খাইয়ে হত্যাও করা হয়।

এই ঘটনার প্রতিবাদে উত্তর দিনাজপুর সহ সমগ্র উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এবিভিপি’র পক্ষ থেকে পথ অবরোধ করা হয়। এবিভিপি জানিয়েছে , ‘সাধারণ মানুষও এই নারকীয় ঘটনার প্রতিবাদে জায়গায় জায়গায় স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেন। ফলস্বরূপ এই আন্দোলনকে পুলিশ দমন-পীড়নের মাধ্যমে থামানোর চেষ্টা করে এবং আন্দোলনরত বিদ্যার্থী পরিষদের বহু কার্যকর্তার উপর ব্যাপকভাবে লাঠিচার্জ করে। পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন ছাত্র ও ছাত্রী কার্যকর্তা গুরুতরভাবে আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বহু কার্যকর্তাকে পুলিশ গ্রেফতার করেও নিয়ে যায়।’ তাঁরা আরো জানাচ্ছে , ‘বারবার ঘটে যাওয়া এধরনের ঘটনাই প্রমাণ করে, রাজ্যে আইনের শাসন এবং নারী নিরাপত্তা বিন্দুমাত্র নেই। মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও মহিলা সুরক্ষা দিতে ব্যর্থ। এমতাবস্থায়, “সুরক্ষিত নারী-সুরক্ষিত বাংলা” র স্বার্থে চোপড়া ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের ফাঁসির দাবিতে ও রাজ্যজুড়ে লাগতার নারী নির্যাতনের বিরুদ্ধে উত্তরবঙ্গ প্রান্ত জুড়ে প্রতিবাদ বিক্ষোভ এবং জেলাবাসীকে “কালা দিবস” পালনের আহ্বান জানানো হয়েছে।’

এই প্রসঙ্গে দক্ষিণবঙ্গ রাজ্যে সম্পাদক শ্রী সুরঞ্জন সরকার বলেন, ‘পুলিশ যথাসময়ে দোষীদের গ্রেপ্তার করতে পারে না অথচ দোষীদের শাস্তির দাবিতে যারা রাস্তায় নামছে তাদেরকেই গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। তাই উত্তরবঙ্গ প্রান্তের পাশাপাশি আজ থেকে দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জায়গায় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা, উচ্চস্তরীয় তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবিতে আন্দোলনে নামবে।’

গৌতম দেব বলেছেন, ‘‘খুবই দুঃখজনক ঘটনা। কেউ কেউ তা নিয়ে রাজনীতি করতে চাইছে। আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকায় যাব। মেয়েটির পরিবারের সঙ্গে কথা বলব।’’ মেয়েটির পরিবার তাদের সমর্থক বলে দাবি করে রাস্তায় নেমেছে বিজেপি। মেয়েটির পরিবারের লোকেরাও নিজেদের বিজেপি সমর্থক বলে দাবি করেছেন। বিজেপিকে সমর্থন করা হত বলেই ওই কিশোরীকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে পরিবারের তরফে। তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন ওই কিশোরীর দাদাও। জেলা বিজেপির সহ-সভাপতি সুরজিৎ সেন বলেন, ‘‘এ রাজ্যে ধর্ষণ ও খুনের ঘটনা লেগেই রয়েছে। দোষীদের সমর্থন করছে তৃণমূল।’’ রবিবারের ঘটনার পরে বালুরঘাটের সাংসদ-সহ অন্য বিজেপি নেতারা ইসলামপুরে পৌঁছন। বিকেলে ইসলামপুরে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করে বিজেপি।

The post চোপড়ায় নাবালিকা ধর্ষণকাণ্ডের শাস্তির জন্য উচ্চস্তরীয় তদন্তের দাবী এবিভিপি’র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OHsZbR
Post a Comment (0)
Previous Post Next Post