দিনহাটা: আবারও তৃণমূলের বিধায়কের শরীরে থাবা বসাল করোনা। এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। সোশাল মিডিয়ায় নিজেই নিজের অসুস্থতার কথা জানিয়েছেন এই বিধায়ক। কোচবিহারে করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন আক্রান্তের হদিশ মিলছে।
কোচবিহারে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হন কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিং। যার জেরে তিন দিন বন্ধ রাখা হয় কোচবিহার পুরসভা। ২২ জুলাই অর্থাৎ বুধবার পর্যন্ত বন্ধ কোচবিহার পুরসভা।
পুরভবন স্যানিটাইজ করার পর বৃহস্পতিবার থেকে চালু হওয়ার কথা। এদিকে কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিং করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে।
এবার দিনহাটার তৃণমূল বিধায়কও করোনা আক্রান্ত হলেন। দিনকয়েক ধরেই অসুস্থ ছিলেন উদয়নবাবু। করোনার উপসর্গ থাকায় টেস্ট করানো হয়। মঙ্গলবারই নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
পরে সোশাল মিডিয়ায় নিজেই নিজের অসুস্থতার কথা জানান উদয়ন গুহ। এদিকে, দলীয় নেতার করোনা আক্রান্ত হওয়ার খবর চাউর হতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুগামীরা। দ্রুত আরোগ্য কামনা করে অনেকেই পাল্টা পোস্ট করেন।
এর আগেও একাধিক তৃণমূল বিধায়ক করোনা আক্রান্ত হয়েছেন। এমনকী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুও হয়েছে ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের। দমকল মন্ত্রী সুজিত বসুও করোনা আক্রান্ত হন।
যদিও সম্প্রতি তিনি সুস্থ হয়েছেন। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষও। এছাড়াও এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস করোনা আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধানী রয়েছেন।
The post দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ করোনা আক্রান্ত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2WI0HSX