স্টাফ রিপোর্টার, কলকাতা: জুন মাসের নতুন বিল যত ক্ষণ না সিইএসসি পাঠাচ্ছে, টাকা দেবেন না। সোমবার সিইএসসি কর্তাদের সঙ্গে বৈঠকের পর গ্রাহকদের উদ্দেশে এমন বার্তাই দিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গড় বা গত বছরের জুনের ভিত্তিতে নয়া বিল তৈরি করতে হবে বলে তিনি জানিয়েছেন।
যদি কোনও গ্রাহক অতিরিক্ত বিল জমা দিতে না পারেন, তাহলে তাঁর বিদ্যুতের লাইন কাটতে পারবে না। সিইএসসি-কে আগেই এই কড়া বার্তা দিয়ে রেখেছিল রাজ্য সরকার। এরপর সংস্থার তরফে রবিবার রাতে জানানো হয়, এপ্রিল এবং মে মাসের বকেয়া মাসুল দিতে হবে না। জুন মাসের বিলের টাকা জমা দিলেই হবে। তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়। যাঁরা ইতিমধ্যেই টাকা জমা দিয়েছেন তাঁরা কী করবেন? জুন মাসের নতুন বিলে কত ইউনিট ধরা হবে? সেই বিল কত দিনের মধ্যে পাঠানো হবে? এ দিন সিইএসসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।
তার পর তিনি বলেন, “আমার সঙ্গে সিইএসসি-কর্তাদের কথা হয়েছে। ওঁরা নতুন করে বিল পাঠাবেন। সেই বিল হাতে না পাওয়া পর্যন্ত কেউ টাকা জমা করবেন না। ওঁরা একটু সময় চেয়েছেন। দু’তিন দিন সময় লাগবে।”
এদিন বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সিইএসসি-র ভাইস প্রেসিডেন্ট অভিজিৎ ঘোষ ও ইডি এইচআর গৌতম রায়। মন্ত্রীকে তাঁরা এই বলে আশ্বাস দেন যে, এপ্রিল ও মে মাসের বিল কী হবে, তা নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন আপাতত যত দ্রুত সম্ভব গ্রাহকদের শুধু জুন মাসের বিল পাঠানো হবে। শুধু জুন মাসের নতুন বিল হবে সেটা।
একইসঙ্গে সিইএসসি-র তরফে আরও আশ্বাস দেওয়া হয়েছে যে, কোনও কানেকশন কাটা হবে না। তাই দুশ্চিন্তার কোনও কারণ নেই। কিন্তু ইতিমধ্যেই যাঁরা বিল পেমেন্ট করে দিয়েছেন, তাঁদের কী হবে? সিএইএসসি কর্তারা শুধু এটুকু বলেছেন যে, “রিবেট পাবেন যাঁরা বিল দিয়েছেন। গ্রাহকদের উপর যাতে না চাপ হয় সেটা দেখা হবে।”
লক ডাউন পরবর্তী সময়ে অস্বাভাবিক বিল নিয়ে অনেক অভিযোগ আসছে। গ্রাহকদের হয়রানি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বাড়তি বিদ্যুতের বিল নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার ক্ষোভ জানাতে শুরু করেছেন গ্রাহকরা। তাঁরা বিলের অঙ্ক জানিয়ে প্রতিকার চেয়েছেন। এমনকি খোদ বিদ্যুৎমন্ত্রীর এমাসে চার গুন বেশি বিল এসেছে।
এদিন বৈঠকের পর মন্ত্রী অবশ্য দাবি করেছেন, লকডাউনে মানুষ ঘরে ছিল, তাই বেশি বিদ্যুৎ খরচ হয়েছে, এক সঙ্গে তিন মাসের বিল দেওয়াতে অঙ্ক অনেকটা বেড়েছে। তবে তিনি বলেছেন, লকডাউনে মানুষের আর্থিক অবস্থা খারাপ, এই অবস্থায় বিলের অঙ্ক বাড়ায় অসুবিধে হচ্ছে সকলের। সরকারের পক্ষ থেকে সিইএসসি-কে যথেষ্ট চাপ দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেছেন।
শোভনদেববাবু বলেন, “আমার সঙ্গে সব কিছু নিয়েই আলোচনা হয়েছে। বিল ধরে ধরে ওদের কাছে ব্যাখা চেয়েছি। কোনও গ্রাহকের লাইন কাটা যাবে না। লেট পেমেন্ট চার্জ করা যাবে না।”
The post ‘জুনের নতুন বিল না এলে পেমেন্ট করবেন না’, সিইএসসির সঙ্গে বৈঠকের পর বললেন বিদ্যুৎমন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fQ7RvG