কলকাতা: লকডাউন এর জন্য থমকে রয়েছে বড় পর্দা। কিন্তু ওয়েব দুনিয়ায় একের পর এক সিরিজ ও ছবি মুক্তি পাচ্ছে। এই ঘরবন্দি সময় মানুষের বেশ খানিকটা সময় কাটছে এই ওয়েব মাধ্যমগুলির উপর নির্ভর করে। আর তার থেকেই বোঝা যাচ্ছে মেঘ মাধ্যম মানুষের জীবনে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাতেও ইতিমধ্যে বেশ কয়েকটি ভাল ওয়েব সিরিজ ও ছবি দেখেছেন দর্শকরা। এবার এই ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পেতে চলেছে ‘বিষ’।
অভিনেতা শান্তিলাল মুখার্জী ও অনিন্দ্য বন্দোপাধ্যায় অভিনীত ছবি “বিষ” মুক্তি পাচ্ছে এই বছরেই। আর সেই ছবির প্রথম পোস্টার লঞ্চ হয়ে গেল কলকাতার স্টেডেল হোটেলে। এই ছবির পরিচালনা করেছেন জ্যোতিষমান চট্টোপাধ্যায়।
পরিচালক ছবিটি সম্পর্কে বলছেন, “আকাশে বাতাসে বিষ। মনে বিষ। সম্পর্কে বিষ। পরষ্পরের সঙ্গে বিষাক্ত ব্যবহার আর পারষ্পরিক বিষাক্ত ক্রোধের অসুখে আজ আমরা সবাই আক্রান্ত। আমাদের জিঘাংসা, আমাদের ঘৃণা, আমাদের ক্রোধ – আজ জন্ম দিয়েছে যুদ্ধের, হত্যাকাণ্ডের, ধ্বংসের। আমাদের পরষ্পরের মৃত্যুকামনা ঈশ্বর নির্ধারিত মৃত্যুদিন পাল্টে দেবার ক্ষমতা রাখে এখন। এই বিষাক্ত সভ্যতা আজ আমাদের সমষ্টিগতভাবে ঠেলে দিচ্ছে সম্পূর্ণ বিনাশের দিকে।”
বাস্তবিক জীবনে যেভাবে বিষ মিশে যাচ্ছে তেমনই একটি গল্প তুলে ধরা হবে এই ছবিতে। পরিচালক বলছেন, “এমন একটি বিষ যেটি মানবশীরে প্রবেশের আধঘন্টার মধ্যে ঘটে যন্ত্রণাহীন মৃত্যু। ময়নাতদন্তে ধরা পড়েনা বিষের অস্তিত্ব। ফলে কথোপকথনের মাধ্যমে ধীরে ধীরে নানা সত্য উদ্ঘাটিত হতে থাকে। আর তার সঙ্গে সঙ্গে সমাজ জুড়ে আরো অনেক বিষের সঙ্গে আমরা পরিচিত হতে থাকি এই ছবিতে। নির্ভেজাল থ্রিলার থেকে ‘বিষ’ ক্রমশ রূপান্তরিত হতে থাকে এক দর্শনের আয়নায় – যাতে প্রতিফলিত হই আমরা সকলে।”
এই ছবিতে শান্তিলাল মুখোপাধ্যায় এবং অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ছাড়াও অভিনয় করেছেন নবাগতা নয়না পালিত। ছবির প্রযোজনা করেছেন প্রবীর দাস ও ধৃতিষা। পোস্টার লঞ্চের দিন উপস্থিত ছিলেন পরিচালক জ্যোতিষমান চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এবং নয়না পালিত।
The post মানুষের জীবনে ক্রমশ মিশছে ‘বিষ’, ওয়েব দুনিয়ায় আসছে নতুন বাংলা ছবি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FUljSm