ভরা কোটাল, বাঁধ উপচে জলমগ্ন শ্যামপুর উদ্বিগ্ন এলাকাবাসী

স্টাফ রিপোর্টার , হাওড়া : অমাবস্যার ভরা কোটালের জেরে নদী বাঁধ উপচে জলমগ্ন গ্রামীণ হাওড়ার শ্যামপুরের বেশ কিছু এলাকা। হাওড়ার অন্যতম পর্যটন কেন্দ্র গাদিয়াড়াতে মিশেছে রূপনারায়ন ও হুগলী নদী।জোয়ারের সময় গাদিয়াড়া সরকারি লজ সংলগ্ন এলাকায় বাঁধ টপকে জল ঢুকে জলমগ্ন হয়ে পড়ে খেলার মাঠ সহ বেশ কিছু বাড়ি।

গাদিয়াড়ার পাশাপাশি শ্যামপুরের শিবগঞ্জ এলাকায় একটি কালভার্টের পাশ দিয়ে বাঁধ উপচে জল ঢুকতে শুরু করে স্থানীয় এলাকায়। জলমগ্ন হয়ে পড়ে বেশ কিছু এলাকা।শুধু শিবগঞ্জ বা গাদিয়াড়া নয়, অনন্তপুর, ডিঙেখোলা সহ শ্যামপুরের বিভিন্ন জায়গায় কার্যত ফুঁসতে দেখা যায় রূপনারায়ণকে। এদিন নদীর ভয়ঙ্কর রূপ দেখে আট থেকে আশি থেকে সকলেই প্রায় চমকে ওঠেন। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই মাটি ফেলে বাঁধ উঁচু করে জল আটকানো কাজে নামেন। বিভিন্ন এলাকায় জল ঢুকে পড়ায় সাধারণ বাসিন্দাদের পাশাপাশি চাষেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।একদিকে প্রবল বৃষ্টি অন্যদিকে আগামী দু’দিন ভরা কোটালে অবস্থা আরও ভয়ঙ্কর হতে পারে—এখন এই চিন্তাতেই ঘুম উড়েছে শ্যামপুরের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের।

নিম্নচাপ আর ভরা কোটালের জোড়া ফলায় সুন্দরী দিঘা ভাসল জলে। জলমগ্ন হয়ে পড়লো সমুদ্র শহরের রাস্তাঘাটও। সমুদ্রের জল ফুলে ফেঁপে জলোচ্ছ্বাস দেখা দেয়। সমুদ্রের এই জ্বলোচ্ছ্বাস গত দুদিন ধরেই প্রত্যক্ষ করছেন সকলে। অমাবস্যার কোটালের সঙ্গে নিম্নচাপ, দিঘার সমুদ্রের যেন অন্য চেহারার দেখা মিলছে।

কোনও পর্যটক যাতে অতিরিক্ত রোমাঞ্চের আশায় গার্ড ওয়ালের ওপর উঠে না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রেখেছে পুলিশ। তবে দিঘার সমুদ্রের যা চেহারা তা এক কথায় যেন অন্যরকম। অনেকেই বন্ধুবান্ধব নিয়ে, কেউ আবার পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে বেড়াতে এসেছেন দিঘায়। তাদের কথায়, দিঘার এমন চেহারা আগে দেখেছেন বলে মনে করতে পারছেন না।

The post ভরা কোটাল, বাঁধ উপচে জলমগ্ন শ্যামপুর উদ্বিগ্ন এলাকাবাসী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31h4okZ
Post a Comment (0)
Previous Post Next Post