ঢাকা: দুটি সংস্থার আর্থিক দুর্নীতির মামলায় বন্দি হয়েছিলেন। অসুস্থতার কারণে জেলে ছিলেন। আপাতত জামিন নিয়ে বাড়িতে। কিন্তু বিড়ম্বনা কমছে না। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে এবার কয়লাখনি দুর্নীতি মামলায় চার্জ গঠন হচ্ছে।
বিএনপি সুপ্রিমো খালেদা জিয়া প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। তাঁর বিরুদ্ধে বাংলাদেশের চাঞ্চল্যকর বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
জানা গিয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি ফের পিছিয়ে আগামী ১৭ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত।
করোনাভাইরাস সংক্রমণের কারণে আদালত বন্ধ থাকায় দীর্ঘ পাঁচ মাস পর অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-২ বিচারক এ এইচ এম রুহুল ইমরান আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে এই তারিখ দেন।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং দেশের ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি ও আত্মসাতের অভিযোগ রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তাঁর মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে।
২০০৮ সালে ঢাকার শাহবাগ থানায় এই মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মহম্মদ সামছুল আলম।মামলায় মোট আসামি ছিলেন ১৬ জন। এদের মধ্যে খালেদা মন্ত্রিসভার মন্ত্রী আব্দুল মান্নান ভুইয়া, সাইফুর রহমান, শামসুল ইসলাম, এম কে আনোয়ার, ব্যারিস্টার আমিনুল হক মারা গেছেন।
আর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাক সেনার মদত করে গণহত্যা ও গণধর্ষণে জড়িত থাকায় জামাত ইসলামির শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদের ফাঁসি কার্যকর হয়েছে। একজন আসামি পলাতক। বর্তমান আসামির সংখ্যা ৯ জন।
বাংলাদেশের অন্যতম বিরোধী দল বিএনপি। তাদের অভিযোগ, বর্তমান আওয়ামী লীগের সরকার একতরফাভাবে বিএনপি নেত্রী কে রাজনীতি থেকে দূরে রাখতে মরিয়া।
বিএনপি জানিয়েছে, জিয়া আর্থিক সংস্থার দুর্নীতি মামলায় জেলে যাওয়ার পর খালেদা জিয়ার জামিন পাওয়া আটকে দিচ্ছিল সরকার। প্রবল আন্তর্জাতিক চাপ তৈরি হয়। পরে করোনা পরিস্থিতির মাঝে খালেদা জিয়া কে জেল থেকে ছেড়ে ঢাকায় তাঁর বাড়িতে আসতে দেওয়া হয়েছে। তিনি গুরুতর অসুস্থ।
The post এবার কয়লাখনি দুর্নীতি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদার বিরুদ্ধে চার্জ গঠন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32e9bTA