স্টাফ রিপোর্টার, কলকাতা: তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। তাঁর কাছে দেশের স্বার্থ অগ্রাধিকার ছিল। অভিভাবকের মতো তাঁর কাছে আশ্রয় পাওয়া যেত। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে এভাবেই শোকপ্রকাশ করলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী।তাঁর মৃত্যুতে ভারতের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি বলে এদিন উল্লেখ করেন তিনি।
সোমবার সন্ধ্যাতেই মৃত্যু হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। ৮৫ বছর বয়সে দিল্লির সেনা হাসপাতালে মৃত্যু হয়।এদিন প্রণব মুখোপাধ্যায় স্মৃতিচারণ করতে গিয়ে তাঁকে ‘ইনসাইক্লোপিডিয়া’ বলেও উল্লেখ করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, “প্রণববাবু অত্যন্ত পন্ডিত, জ্ঞানী, দূরদর্শী মানুষ ছিলেন।”
উল্লেখ্য, ২০০৪-এ চ্যালেঞ্জ নিয়ে প্রণব মুখোপাধ্যায়কে জঙ্গিপুরে লড়াইতে রাজি করান অধীর। প্রণববাবু জেতেন। কংগ্রেসের অনেকেই বলেন, অধীরের চেষ্টাতেই লোকসভায় গিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়।
এদিন প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। শোকবার্তায় প্রদীপবাবু বলেন, “সমস্যার গভীরে ঢুকে তার সমাধান করতেন প্রণব মুখোপাধ্যায়। তাঁর এই কাজই শিক্ষণীয়। যা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।”
এদিন রাত ৮ টা নাগাদ প্রণব মুখোপাধ্যায়ে স্মৃতিতে মাল্যার্পণ করা হয়েছে বিধানভবনে।
এদিকে, প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে দেশে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালন হবে বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।নিয়ম অনুযায়ী প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যু হলে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। সেই মতো সোমবার ৩১ অগস্ট থেকেই শুরু হবে সেই সাত দিন। চলবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে ভারতের যেখানে যেখানে সরকারি ভাবে জাতীয় পতাকা উত্তোলিত হয় সর্বত্রই ত্রিবর্ণ পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে সরকারি উদ্যোগে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।
The post প্রণববাবুর কাছে দেশের স্বার্থ অগ্রাধিকার ছিল, স্মৃতিচারণ অধীরের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QJ6xQl