শান্তিনিকেতনেই ‘বহিরাগত’ রবীন্দ্রনাথ, প্রতিবাদে উপাচার্যের পদত্যাগের দাবি বাংলাপক্ষের

স্টাফ রিপোর্টার, কলকাতা : শান্তিনিকেতনেই রবিঠাকুরকে বহিরাগত বলার অভিযোগে এবং বিশ্বভারতীর সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগের দাবি করল বাংলাপক্ষ।

সংগঠনের পক্ষে জানানো হয়েছে, ‘বিগত বেশ কয়েকবছর ধরে রবি ঠাকুরের প্রাণের শান্তিনিকেতনকে ধ্বংসের চক্রান্ত চলছে। বিশ্বভারতীতে রবি ঠাকুর নিজেই “বহিরাগত” -এই ভয়ংকর অপমানজনক কথা আপনি বলেছেন। আপনাকে ধিক্কার জানানোর ভাষা নেই, আপনার এত দুঃসাহস হল কিভাবে? আপনার নেতৃত্বে বাঙালির গর্ব পৌষ মেলা ও বসন্ত উৎসবকে বন্ধ করার ঘৃণ্য ষড়যন্ত্রও শুরু হয়েছে। বর্তমানে আমাদের নজরে এসেছে বিশ্বভারতী মেলা প্রাঙ্গণে জোর করে পাঁচিল তোলা এবং আবাসিক ও প্রবীন আশ্রমিক যারা এই স্বেচ্ছাচারী সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তাদের অপমান করার মতো গুরুতর বিষয়ও। আমরা এই গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই।’

তাঁরা আরও জানাচ্ছে, ‘বিশ্বভারতী বাঙালির ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শের ভিত্তিতে তৈরি একটি মুক্ত শিক্ষাঙ্গন। সেখানে পাঁচিল তুলে ‌মেলার মাঠ কুক্ষিগত করার চেষ্টা এবং নিরাপত্তার অজুহাত দেখিয়ে সি আই এস এফ নিয়োগ করে আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানকে একটি সামরিক ঘাঁটির মত করে নিয়ন্ত্রণ করার জঘন্য ষড়যন্ত্রকে ধিক্কার জানাই, এটা বিশ্বভারতী তৈরির আদর্শের পরিপন্থী। এই প্রত্যেকটি পদক্ষেপ স্পষ্ট ভাবে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যা চিরকাল মানসিক উন্মুক্ততা এবং শিক্ষার উদারতার উপর জোর দিয়ে এসেছে তাকে আদপে হিন্দি সাম্রাজ্যবাদের নিয়ন্ত্রণে একটু একটু করে ঠেলে দেওয়ার প্রচেষ্টা শুরু হয়ে গিয়েছে।’

তবে বাংলাপক্ষ ঘটনার স্পষ্ট প্রতিবাদ করে জানিয়েছে, ‘বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তথা শান্তিনিকেতন বাংলার মাটিতে অবস্থিত, বাঙালির মাটিতে অবস্থিত। এবং বাংলাপক্ষ তথা বাঙালি জাতি সর্বশক্তি দিয়ে হিন্দি সাম্রাজ্যবাদী শক্তির হাতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কুক্ষিগত করে দেওয়ার জঘন্য ষড়যন্ত্রকে সর্বতোভাবে প্রতিরোধ করবে।’

তাঁরা বিশ্বভারতীর প্রতিবাদী ছাত্র ছাত্রী এবং শান্তিনিকেতন এর সমস্ত সচেতন নাগরিকের পাশে দাঁড়িয়ে স্পষ্ট কয়েকটি দাবি তুলে ধরতেও চাইছে।
বিশ্বভারতীর ঘটনার প্রেক্ষিতে বাঙালির দাবি***

১. বিশ্বভারতী বাংলা ও বাঙালির গর্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত এক মুক্ত শিক্ষাঙ্গন। দূরদূরান্ত থেকে ছাত্রছাত্রী রবীন্দ্রপ্রেমীরা প্রকৃত শিক্ষা লাভের আশায় বিশ্বভারতীতে আসেন। বন্দুকের নলের ডগায় শিক্ষা অর্জন করা যায় না। CISF নিয়োগ করে মুক্ত শিক্ষার পরিবেশ নষ্ট করা রবি ঠাকুরের শান্তিনিকেতন তৈরির আদর্শের পরিপন্থী৷ কোনরকম সেনা, আধাসেনা বা CISF নিয়োগ করে বিশ্বভারতীর শিক্ষার পরিবেশ নষ্ট করা যাবে না। আমরা এই অপচেষ্টাকে সর্বশক্তি দিয়ে প্রতিহত করবো।

২. পৌষ মেলা বাংলা ও বাঙালীর অহংকার। পৌষ মেলাকে ধ্বংস করা যাবে না, মেলার মাঠে পাঁচিল তোলা আসলে এই মেলাকে ধ্বংসের ষড়যন্ত্র। বিশ্বভারতী বা তৎসংলগ্ন এলাকা বা মেলা প্রাঙ্গণে কোনরকম পাঁচিল নির্মাণ করা যাবে না। বিশ্বভারতী কর্তৃপক্ষকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যে তারা ভবিষ্যতে কোনদিন মেলা প্রাঙ্গণে প্রাচীর নির্মাণ করার কোনো রকম অপচেষ্টা করবেন না।

৩. বিশ্বভারতী কর্তৃপক্ষ বাংলা ও বাঙালির প্রাণের রবি ঠাকুরের চালু করা “পৌষ মেলা” এবং “বসন্ত উৎসব” বন্ধ করার চক্রান্ত করছে। পৌষ মেলা এবং বসন্ত উৎসব দুটিই বাংলা ও বাঙালির সংস্কৃতির সাথে যুক্ত, বাংলার মাটির উৎসব। বাংলার প্রকৃতির সাথে শিক্ষা সভ্যতার মেলবন্ধনের উৎসব। এই দুটি উৎসব বন্ধ করার ন্যূনতম চেষ্টা হলে বাংলা পক্ষ সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।

৪. পৌষ মেলার মাঠে দেহ ব্যবসা হয়- এই ঘৃণ্য বক্তব্য থাকা প্রেস বিবৃতির জন্য আপনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং উপাচার্যর পদ থেকে পদত্যাগ করতে হবে।

৫. রবি ঠাকুরের নিজের শান্তিনিকেতনে তাঁকেই “বহিরাগত” বলার অপরাধে রবি ঠাকুরের মূর্তির নীচে নতজানু হয়ে ক্ষমা চেয়ে চিরতরে বিশ্বভারতী ছাড়তে হবে আপনাকে।

তাঁরা জানিয়েছে, ‘এই দাবী পূরণ করতে হবে। অন্যথায় আপামর বাঙালি গোটা বাংলা জুড়ে জনমত তৈরী করে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে। শান্তিনিকেতনকে বাঁচানো প্রত্যেক বাঙালির কর্তব্য। আমরা সকলে ছাত্র-ছাত্রী ও রবীন্দ্রপ্রেমী মানুষদের সাথে ঐক্যবদ্ধ লড়াইয়ে আছে। আমরা শান্তিনিকেতনকে বাঁচাবই।’

The post শান্তিনিকেতনেই ‘বহিরাগত’ রবীন্দ্রনাথ, প্রতিবাদে উপাচার্যের পদত্যাগের দাবি বাংলাপক্ষের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31uwBF8
Post a Comment (0)
Previous Post Next Post