ইরান নিয়ে পুতিনের সম্মেলনের আহ্বানে সায় চিনের

মস্কো: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের বিষয় আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান জানিয়েছেন। পুতিনের এমন আহ্বানে পাশে থাকার বার্তা দিয়েছে চিন । তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন সম্মেলন উদ্যোগের বিরোধিতা করেছেন।

গত শুক্রবারে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে ইরানের বিরুদ্ধে আমেরিকার আনা প্রস্তাব আটকে যায়। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় হতাশ হয়েছে মার্কিন প্রশাসন । তার রেশ কাটতে না কাটতেই ইরান ইস্যুতে সম্মেলনের ডাক দিলেন পুতিন। ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছিল আমেরিকা কিন্তু নিরাপত্তা পরিষদে সে প্রস্তাব পাস করতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন।

রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হল কারণ আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত এই প্রস্তাবে ১১টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। আর প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ভোট পড়ে দু’টি করে।সেখানে আমেরিকা ও ডোমিনিকান রিপাবলিক প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও অন্যদিকে চিন এবং রাশিয়া এর বিপক্ষে ভোট দিয়েছ।

এই পরিস্থিতিতে আবার ক্রেমলিনের ওয়েবসাইটে ভ্লাদিমির পুতিন প্রস্তাব দিয়েছেন , ইরানের পরমাণু সমঝোতা এবং পারস্য উপসাগরীয় দেশগুলির নিরাপত্তা ইস্যুতে যেসব সমস্যা রয়েছে তা নিয়ে আলোচনার জন্য অনলাইনে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো এবং জার্মানি ও ইরানের নেতাদের অংশগ্রহণে সম্মেলন অনুষ্ঠিত হবে।

রুশ প্রেসিডেন্টের এই প্রস্তাব সম্পর্কে আবার চিনের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানিয়েছেন, তার দেশ এ প্রস্তাবকে স্বাগত জানাচ্ছে। তার বক্তব্য, পরমাণু সমঝোতাকে ঘিরে রুশ প্রেসিডেন্ট উত্তেজনা কমানোর জন্য যে পদক্ষেপ নিয়েছেন তার প্রতি চিনের সমর্থন রয়েছে।

বেজিং সবসময় পরমাণু সমঝোতাকে সমর্থন করে আসছে এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য আন্তরিক তারা। ইরানের পরমাণু ইস্যুর রাজনৈতিক সমাধানের জন্য সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে চিন ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে বলেও লিজিয়ান উল্লেখ করেন।

The post ইরান নিয়ে পুতিনের সম্মেলনের আহ্বানে সায় চিনের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3h9U4kA
Post a Comment (0)
Previous Post Next Post