রাজীব গান্ধী ফাউন্ডেশনে টাকা ঢেলেছিল জাকির নায়েক, মেহুল চোকসি : বিজেপি

নয়াদিল্লি : সোমবার কড়া ভাষায় কংগ্রেসকে আক্রমণ করল বিজেপি। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র এদিন এক সাংবাদিক সম্মেলনে বলেন কংগ্রেসের লজ্জা হওয়া উচিত। জাকির নায়েকের মতো উগ্র ধর্মপ্রচারকের কাছ থেকেও অনুদান নিয়েছে রাজীব গান্ধী ফাউন্ডেশন। ২০১১ সালের ৮ই জুলাই এই অনুদান আসে বলে দাবি সম্বিত পাত্রের।

এদিন পাত্র জানান উসকানিমূলক উগ্র ইসলামিক ধর্ম প্রচারক জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছিল রাজীব গান্ধী ফাউন্ডেশনকে৷ যা কংগ্রেসের দ্বারা চালিত হত৷ পাত্র আরও জানান, ডিসিবি ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে অনুদানটি আসে। এই অ্যাকাউন্ট এখন বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য রাজীব গান্ধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য হলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

শুধু জাকির নায়েকই নয়, রাজীব গান্ধী ফাউন্ডেশন অনুদান পেয়েছিল পলাতক ঋণখেলাপি মেহুল চোকসির কাছ থেকেও। এদিন বিজেপির মুখপাত্র জানান, এই বিতর্কিত ব্যক্তিদের থেকে যে অনুদান পেয়েছে রাজীব গান্ধী ফাউন্ডেশন, তা কাকতালীয় নয় একেবারেই। বরং এদের সঙ্গে গভীর ও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই ফাউন্ডেশনের।

সম্বিত পাত্রের দাবি নবিরাজ এস্টেট প্রাইভেট লিমিটেড একটি কাগজ তৈরির কোম্পানি। ২০১২-১৩ এবং ২০১৩-১৪ সালে কোনও লাভ তো দূরে থাক, উৎপাদনের পরিমাণও ছিল খুব সামান্য। এরই মাঝে এই কোম্পানি থেকে রাজীব গান্ধী ফাউন্ডেশনে আসে ৪৭.৪৮ কোটি টাকা। ২৪.৪৫ লক্ষ টাকা আসে গীতাঞ্জলী ইনফ্রাটেক নামে একটি কোম্পানি থেকে। উল্লেখ্য এই গীতাঞ্জলী মেহুল চোকসির কোম্পানি ও নবিরাজ রোহন চোকসির কোম্পানি।

এদিকে খবর মেলে গান্ধী পরিবারের বিরুদ্ধে এবার নয়া পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর তিনটি ট্রাস্টের বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যে অমিত শাহের মন্ত্রক তদন্তের জন্য একটি কমিটি তৈরি করেছে। জানা গিয়েছে, গান্ধী পরিবার দ্বারা পরিচালিত রাজীব গান্ধী ফাউন্ডেশন, রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট ও ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তদন্ত করবে ওই কমিটি।

The post রাজীব গান্ধী ফাউন্ডেশনে টাকা ঢেলেছিল জাকির নায়েক, মেহুল চোকসি : বিজেপি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/353CfAv
إرسال تعليق (0)
أحدث أقدم