শ্রীনগর: বড়সড় বিপদের হাত থেকে বাঁচল কাশ্মীর। জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ব্রিজের নীচ থেকে উদ্ধার হল শক্তিশালী আইইডি বিস্ফোরক। পুলওয়ামা জেলার টুজান গ্রামের ব্রিজের নীচে এই আইইডি পোঁতা ছিল বলে জানা গিয়েছে। রবিবার রাতে তল্লাশি চালিয়ে বিস্ফোরক উদ্ধার করে ভারতীয় সেনা।
সেনা সূত্রে খবর এই বিস্ফোরণ হলে প্রচুর মানুষের প্রাণ যাওয়ার আশঙ্কা ছিল। আহত হতে পারতেন বহু। আইজিপি কাশ্মীর বিজয় কুমার বলেন টুজান ও ডানওয়ান এই দুটি এলাকার সংযোগকারী ব্রিজে আইইডি রাখা হয়েছিল। কয়েকশ মানুষ এই ব্রিজ ব্যবহার করেন। প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারত।
সঠিক সময়ে সেনার তল্লাশি প্রাণ বাঁচিয়েছে দুই টাউনের মানুষের। এই ব্রিজ পুলওয়ামা জেলার সঙ্গে বুদগামের সংযোগও স্থাপন করছে। এই ব্রিজ দিয়েই অনেক সময় যাতায়াত করে সেনা কনভয়। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজটি উড়িয়ে দিলে বিশাল ক্ষতির মুখে পড়ত কাশ্মীর, বলে পুলিশ সূত্রে খবর।
এদিকে, রবিবার অর্থাৎ ১৬ই অগাষ্ট থেকে ৮ই সেপ্টেম্বর পর্যন্ত গান্ডেরবাল জেলায় ৪জি মোবাইল নেটওয়ার্ক পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পোস্টপেড পরিষেবা আপাতত মিলছে না বলে জানানো হয়েছে পুলিশ সূত্রে। তবে ২জি নেটওয়ার্ক পরিষেবা মিলবে বলে খবর।
রবিবার রাত নটা থেকে এই নির্দেশিকা বলবৎ করা হয়েছে। আপাতত ৮ই সেপ্টেম্বর পর্যন্ত তা জারি থাকার কথা থাকলেও সময়সীমা বাড়ানো হতে পারে। এদিকে, দুদিন আগেই বারামুল্লা থেকে উদ্ধার হয় পাকিস্তানি টাকা, আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম।
মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারে চিনার কর্পস জানায় অপারেশন ট্রেনারিয়ানে উদ্ধার করা হয়েছে তিনটি পিস্তল, ম্যাগাজিন, একে রাইফেলের ৭৩ রাউন্ড গুলি, দুটি ডিটোনেটর, ১৫টি গ্রেনেড, পাকিস্তানি টাকা। এলাকায় অস্ত্র ও সরঞ্জাম মজুত করা হয়েছে, গোপন সূত্রে এই খবর পেয়ে তল্লাশি শুরু করে সেনা।
অন্যদিকে, পৃথক ভাবে পুলওয়ামার অবন্তীপোরা থেকে উদ্ধার করা হয় লস্কর ই তইবার ২টি গোপন ঘাঁটি। ওই ঘাঁটি দুটিকে ধ্ংস্ব করা হয় বলে সেনা সূত্রে খবর। প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
জম্মু কাশ্মীর পুলিশের একটি বিবৃতি জানায় দুটি ঘাঁটিই ধ্বংস্ব করা হয়। লস্করের ওই ঘাঁটি দুটিতে ১৯১৮ একে রাইফেলের একাধিক রাউন্ড, দুটি হ্যান্ড গ্রেনেড, ইউবিজিএল থ্রোয়ার, ৪টি ইউজিবিএল গ্রেনেড পাওয়া যায়।
এছাড়াও উদ্ধার করা হয় প্রচুর অ্যামোনিয়াম নাইট্রেট, ৫টি জিলেটিন স্টিক, ক্রুড পাইপ বোমা, কোড শিট, ৫৪০০ টাকা, খাবার, বাসন পত্র, স্টোভ, গ্যাস সিলিন্ডার। আধিকারিকরা জানান তল্লাশি শুরু হতেই ওই জঙ্গিরা এখান থেকে পালিয়ে যায়। ফলে কিছু নিয়ে যেতে পারেনি।
The post নাশকতার ছক ভেস্তে দিল সেনা, পুলওয়ামায় উদ্ধার শক্তিশালী আইইডি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DYYYlX