এনআরএস হাসপাতালে ১১০ বেডের করোনা ওয়ার্ডের উদ্বোধনের পরই শুরু রোগী ভর্তি

কলকাতা: মঙ্গলবার থেকে এনআরএস হাসপাতালেও করোনা চিকিৎসা শুরু হয়ে গেল৷ ১১০ বেডের করোনা ওয়ার্ডের উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ তবে পাশাপাশি অন্যান্য বিভাগের পরিষেবাও আগের মতই চালু থাকবে বলে জানালেন আইএমএ সভাপতি ডা: শান্তুনু সেন৷

হাসপাতাল সূত্রে খবর,এনআরএস মেডিকেল কলেজের মেল চেস্ট মেডিসিন ওয়ার্ডে এবার থেকে শুধুমাত্র করোনা আক্রান্তদের চিকিৎসা হবে৷ এই ওয়ার্ডের ১১০টি বেড কোভিড রোগীদের জন্য চিহ্নিত করা হয়েছে৷ উল্লেখ্য, এনআরএস হাসপাতালের মেল চেস্ট মেডিসিন ওয়ার্ড আপাতত স্টুডেন্ট হেলথ হোমে স্থানান্তরিত করা হয়েছে৷

এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এখানে টেস্টিং টেলি মেডিসিন, ভর্তি, শুশ্রুষা সমস্ত কিছুর কমপ্যাক্ট ইউনিট তৈরি হয়েছে৷

আইএমএ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ডা: শান্তুনু সেন জানালেন, করোনা আক্রান্তদের সুবিধার জন্য আলাদা রিসেপশন ও এডমিশন কাউন্টার করা হয়েছে৷ এছাড়া ক্রিটিকাল কেয়ারের ৪টি বেড, ২৫ টি এইচডিইউ,৯ টি ভেন্টিলেটর বেড রয়েছে৷ করোনা ওয়ার্ডে আরও ৪০টি পুরুষ বেড এবং ৩৫ টি মহিলা বেড রয়েছে৷ আগামী দিনে প্রয়োজন অনুযায়ী আরও বেড বাড়ানো হবে৷

এতদিন রাজ্যে ২৯টি সরকারি কোভিড হাসপাতাল ছিল৷ বর্তমানে সেটা বেড়ে হল ৩০৷ পাশাপাশি ৫৫টি বেসরকারি কোভিড হাসপাতালও রয়েছে রাজ্যে। আইসিইউ বেডের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,২৪৩টি ও ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৭৯০টি।

রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। প্রতিদিনই রেকর্ড সংক্রমণ হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় প্রয়োজন পর্যাপ্ত শয্যার। সেই কথা মাথায় রেখে কলকাতা মেডিকেল কলেজের পর এই সিদ্ধান্ত নিয়েছে এন আর এস মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতি। তবে এনআরএস হাসপাতালে অন্যান্য নন করোনা পরিষেবা আগে যেমন ছিল, তেমনই চলবে।

রাজ্যের বিভিন্ন করোনা হাসপাতালে পজিটিভ রোগীদের ডায়েটে পুষ্টিকর হাই প্রোটিন খাবারে জোর দিয়েছে সরকার। এরজন্য দৈনিক খরচ বাড়িয়ে করা হয়েছে ১৫০ টাকা। স্বাস্থ্য দফতর নির্দেশ দিয়েছে করোনা রোগীদের পাতে ব্রেকফাস্টে রাখতে হবে পাউরুটি (চার পিস), ডিম (১টা), দুধ (২৫০ এমএল) ও কলা (১টি)।

সপ্তাহের টানা সাতদিনই এই ব্রেকফাস্টে রোগীদের যাতে অরুচি না ধরে, সেজন্য এনআরএস প্রাতঃরাশে কোনওদিন কর্নফ্লেক্স, দুধ, ডিম, কলা ও কোনওদিন উপমা, ডিম ও কলা রাখতে বলেছে। পজিটিভ রোগীদের দুপুরের প্রাপ্য ভাত (১০০ গ্রাম), ডাল (৫০ গ্রাম), মরসুমি সব্জি ও মাছ বা মুরগির মাংসের ৮০-৯০ গ্রামের পিস। শেষ পাতে টক দই।

এনআরএস-এর সিদ্ধান্ত, রোজ দুপুরে অন্যান্য খাদ্যের সঙ্গে আমিষ হিসেবে মাছ। বাড়তি সংযোজন উচ্ছেভাজা। রাতের খাবারে ভাত (১০০ গ্রাম), চাপাটি, ডাল (৫০ গ্রাম), মাছ বা মাংস (১০০ গ্রাম) রাখার নির্দেশ দিয়েছিল সরকার। এনআরএস রোজ রাখতে বলেছে হয় মুরগির মাংস, নয় পনির।সরকারি তালিকায় না থাকলেও বিকেলে চা ও সঙ্গে চিঁড়েভাজা বা স্ন্যাকস রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

The post এনআরএস হাসপাতালে ১১০ বেডের করোনা ওয়ার্ডের উদ্বোধনের পরই শুরু রোগী ভর্তি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3aEYxcc
إرسال تعليق (0)
أحدث أقدم