উত্তরের সঙ্গে দক্ষিণের সর্বত্র মিলবে বৃষ্টি, ঘাটতি মেটা নিয়ে থাকছে প্রশ্ন

স্টাফ রিপোর্টার , কলকাতা : আজ শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ ঘণীভূত হয়েছে। এর জেরে বেশি বৃষ্টি পাবে ওডিশা এবং পশ্চিমবঙ্গের উপকূল এলাকা।

কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই অল্প বিস্তর বৃষ্টি হবে। উত্তরবঙ্গেরও কয়েকটি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শনিবার সকাল পর্যন্ত বাঁকুড়ায় ৩.৯ মিলিমিটার, ব্যরাকপুরে ৫.০ মিলিমিটার, ক্যানিংয়ে ১৩.৪ মিলিমিটার, কাঁথিতে ১৬.০ মিলিমিটার, দিঘায় ১৭.০ মিলিমিটার, হলদিয়ায় ২৩.৩ মিলিমিটার, মেদিনীপুরে ২৩.৪ মিলিমিটার, পুরুলিয়ায় ২৫.০ মিলিমিটার, শ্রীনিকেতনে ৭.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ দিন সকাল থেকে গোটা রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলছে। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছিল হাওয়া অফিস। যদিও আজ সকাল পর্যন্ত দার্জিলিং ছাড়া কোথাও বৃষ্টির রেকর্ড মেলেনি। সেখানে বৃষ্টির পরিমান ২২.৮ মিলিমিটার।

এ বছর প্রথম থেকেই বৃষ্টি হচ্ছে রাজ্য জুড়ে। জুনের ১২ তারিখ প্রায় একই দিনে উত্তর এবং দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। তার পর নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার হাত ধরে বৃষ্টি হয়েই চলেছে উত্তরে। ভরা শ্রাবণে বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে উত্তরের জেলাগুলিতে। জুলাই মাসে একটিও নিম্নচাপ দেখা দেয়নি গাঙ্গেয় বঙ্গের কপালে। বরং আগস্টে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে। আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল হয়ে পড়েছে কলকাতার বাসিন্দারা।

এদিকে, নিম্নচাপ বারবার সরে যাওয়ায় বৃষ্টির পরিমাণ কমে গিয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির ঘাটতির জেরে ক্ষতি হয়েছে ধান চাষেও। এর পর শ্রাবণের শেষ ফের নিম্নচাপে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। যার ফলে সপ্তাহের শেষে ফের দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে তা ঘাটতি কতটা মেটাবে তা নিয়ে সন্দেহ থাকছেই।

The post উত্তরের সঙ্গে দক্ষিণের সর্বত্র মিলবে বৃষ্টি, ঘাটতি মেটা নিয়ে থাকছে প্রশ্ন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3kMl4Zv
إرسال تعليق (0)
أحدث أقدم