আমফান ক্ষতিপূরণ মামলায় রাজ্যের রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা: আমফান নিয়ে রাজ্যকে দ্রুত রিপোর্ট দিতে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি৷ এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে রাজ্য সরকারকে৷ এক সপ্তাহ পর ফের শুনানি৷

আমফানে কারা টাকা পেয়েছেন, ক্ষতিগ্রস্তরা কেন টাকা পাননি তা নিয়ে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে জনস্বার্থ মামলা হয়৷

সোমবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণণ জানতে চান “কেন তথ্য রিপোর্ট আকারে আনা হয়নি?” রাজ্যের এজি কিশোর দত্ত উত্তরে জানান, “সব তথ্য পেতে আরও কিছুটা সময় লাগবে।”

এরপরই রাজ্যকে এক সপ্তাহ সময় দিয়ে প্রধান বিচারপতি বলেন, রাজ্যকে দ্রুত জানাতে হবে আমফান নিয়ে রাজ্য কী কী পদক্ষেপ করেছে। ক্ষতিপূরণ সংক্রান্ত কত আবেদন জমা পড়েছে। যারা ক্ষতিপূরণ পেতে পারেন বা পেয়েছেন তাদের নাম পাবলিক ডোমেনে প্রকাশ করতে হবে। সাত দিনের মধ্যে হলফনামা দিয়ে এই রিপোর্ট দিতে হবে।

জনস্বার্থ মামলা করে জনৈক খইরুল আলম৷ তাঁর আইনজীবী শমীক বাগচি জানান,কারা আবেদন করেছেন, কারা ক্ষতিপূরণ পেয়েছেন রাজ্য সেই রিপোর্ট জমা দিক৷ ক্ষতি হয়নি এমন অনেকেই টাকা পেয়েছেন৷ দুই চব্বিশ পরগনা ও মেদিনীপুর পূর্ব এই তিন জেলার নাম উল্লেখ করেই মামলা করেন খইরুল আলম শেখ৷

খইরুল আলম এর আইনজীবী শমীক বাগচি আরও জানান, পাবলিক ডোমেনে তথ্য এলে রাজ্য সরকার কাকে কাকে ক্ষতিপূরণ দিয়েছে তা স্পষ্ট হবে৷

অন্যদিকে আবেদন করেও যাঁরা আমফানে ক্ষতিপূরণ পাননি তাঁদেরকে দ্বিতীয়বার আবেদনের সুযোগ দিয়েছিল রাজ্য সরকার। গত ৬ ও ৭ আগস্ট স্থানীয় জেলাশাসকের অফিসে আবেদন জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছিল। এই দু’‌দিনেই পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ও দুই ২৪ পরগনা, এই ছয় জেলা মিলিয়ে জমা পড়ল ৫ লক্ষ ৭০ হাজার আবেদন। যা দেখে চক্ষু চড়কগাছ নবান্নের কর্তাদের।

সেই সময় জানা গিয়েছিল, ৫ লাখ ৭০ হাজার আবেদনের মধ্যে সবচেয়ে বেশি ২ লক্ষ ৭ হাজার আবেদন জমা পড়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। এরপরই দক্ষিণ ২৪ পরগনা জেলায় আবেদন জমা পড়েছে ১ লক্ষ ৪৭ হাজার। তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। এই জেলায় আবেদন জমা পড়েছে ১ লাখ ১৭ হাজার। এছাড়াও হাওড়া, হুগলি, কলকাতা পুরসভা এলাকা ও রাজ‍্যের বিভিন্ন জেলা থেকে ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা পড়েছে।

The post আমফান ক্ষতিপূরণ মামলায় রাজ্যের রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31pWiXq
Post a Comment (0)
Previous Post Next Post