কলকাতা: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ তাই পিছিয়ে দেওয়া হল পুলিশ দিবস উৎযাপন৷ পয়লা সেপ্টেম্বরের পরিবর্তে ৮ সেপ্টেম্বর উৎযাপন হবে৷
স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস হলেও তা উৎযাপন হবে ৮ সেপ্টেম্বর৷ পাশাপাশি মঙ্গলবার সমস্ত সরকারি দফতর ও সরকার সাহায্য প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান, সংস্থায় ছুটি ঘোষণা করল রাজ্য সরকার৷
তিনি আরও জানিয়েছেন, প্রণবাবুর মৃত্যুতে মঙ্গলবার ছুটি থাকবে সমস্ত সরকারি দফতর। বন্ধ থাকবে সমস্ত কাজ। মঙ্গলবার কোনও কারণে তাঁর শেষকৃত্য না হলে যে দিন শেষকৃত্য হবে সেদিনও ছুটি ঘোষণা করবে পশ্চিমবঙ্গ সরকার।
লালবাজার জানিয়েছে, রাজ্যের সার্বিক উন্নতিকল্পে পুলিশবাহিনীর প্রশংসনীয় অবদান এবং আত্মত্যাগের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর পয়লা সেপ্টেম্বর দিনটিকে ‘পুলিশ ডে’ হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন৷ পুলিশবাহিনীর সম্মানে একটি বিশেষ দিনকে রাজ্যব্যাপী উদযাপনের এই ঘোষণা সারা দেশে এই প্রথম, এবং নজিরবিহীন।
পশ্চিমবঙ্গের এবং কলকাতার পুলিশবাহিনীর কাজ শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধদমনের মধ্যেই সীমাবদ্ধ নেই, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা এবং আরও নানাবিধ সমাজসেবামূলক কাজেও এ রাজ্যের পুলিশ বিভাগ ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।
কোভিড-19 অতিমারীর বিরুদ্ধে গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে কলকাতার এবং রাজ্যের পুলিশবাহিনীর সর্বস্তরের কর্মীরা একেবারে সামনের সারিতে থেকে ডাক্তার-স্বাস্থ্যকর্মী এবং সাফাইকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করোনার বিরুদ্ধে নিরলস লড়াই চালিয়ে যাচ্ছেন।
‘পুলিশ ডে’ উপলক্ষ্যে একটি গান লিখে তাতে সুরারোপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন।
অন্যদিকে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়ানে দেশ জুড়ে ঘোষণা হল রাষ্ট্রীয় শোক। সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
প্রাক্তন রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানাতে শোক ঘোষণা করা হয়েছে। ৩১ অগস্ট থেকে ৬ সেপ্টেম্বর শোক পালিত হবে। এই সাতদিন দেশের সব জায়গায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। কোনও বিনোদন মূলক অনুষ্ঠান হবে না।
The post প্রয়াত প্রণব মুখোপাধ্যায়, পুলিশ দিবস উৎযাপন হবে ৮ সেপ্টেম্বর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YU1uRA