নয়াদিল্লি: বৃহস্পতিবার রয়েছে জিএসটি পরিষদের বৈঠক। কিন্তু তার আগের দিন বুধবারেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে জিএসটি ক্ষতিপূরণ নিয়ে ক্ষোভের পারদ চড়ছে। তার উপর কেন্দ্রের এই ক্ষতিপূরণ মেটানোর কোন দায় নেই বলে অর্থমন্ত্রক অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের কাছে মত চাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
জিএসটি পরিষদের বৈঠকের আগের দিন সাতটি বিরোধী শাসিত মুখ্যমন্ত্রীরা এই ব্যাপারে ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছে। নরেন্দ্র মোদী সরকার তার দেওয়া প্রতিশ্রুতি পালন করছে না বলে অভিযোগ তুলেছে। এমন পরিস্থিতি চললে ভবিষ্যতে জিএসটি পরিষদ থেকে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা সরে আসবেন বলেও হুমকি দিয়েছেন। ফলে বৃহস্পতিবার এই বৈঠকের আগে রীতিমতো চাপের মুখে রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কারণ এই বৈঠকে বিরোধীরা ঝড় তুলতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে ।
বুধবার সোনিয়া গান্ধী বিরোধী শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে কংগ্রেস সভানেত্রী অভিযোগ তোলেন কেন্দ্র বিশ্বাসঘাতকতা করছে। এই আর্থিক সংকটের কালে সময় মত ওই জিএসটি ক্ষতিপূরণের টাকা পাওয়াটা খুবই জরুরী। ক্রমশই ক্ষতিপূরণের পাওনা বৃদ্ধি হচ্ছে আর রাজ্য গুলি চরমভাবে সমস্যায় পড়ছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের বক্তব্য, রাজ্যের সিংহভাগ কর বসানোর ক্ষমতা এখন কেন্দ্রের হাতে চলে গিয়েছে । সে ক্ষেত্রে রাজ্যের সমস্যা হলে আগের ব্যবস্থা এবং বর্তমান ব্যবস্থার মাঝে মাঝে কিছু একটা ভাবা দরকার। পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ন স্বামী হুমকি সুরে জানিয়েছেন, প্রয়োজনে জিএসসি থেকে বেরিয়ে গিয়ে নিজেদের মতো করে কর বসানো হবে।
এমনিতেই করোনা সংকট তথা লকডাউনের জেরে এখন রাজ্যগুলির ভাড়ারে টান পড়েছে । পাশাপাশি আবার চলতি আর্থিক বছরের এপ্রিল থেকে জুলাই চারমাসের ক্ষতিপূরণ বকেয়া রয়েছে। অর্থ মন্ত্রকের কর্তারা ইতিমধ্যেই স্থায়ী কমিটির বৈঠকে জানিয়েছেন, এখন ক্ষতিপূরণ দেওয়ার মতো সামর্থ্য নেই। এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র চিঠি দিয়ে মনে করিয়ে দিয়েছেন কেন্দ্রের এই ক্ষতিপূরণ দেওয়াটা সাংবিধানিক দায় যেহেতু রাজ্য তার কর বসানোর ৭০ শতাংশ ক্ষমতাটাই এখন কেন্দ্রের হাতে তুলে দিয়েছে।
The post জিএসটি পরিষদের বৈঠকের আগে বিরোধী শাসিত রাজ্যের চোখে কেন্দ্র ‘বিশ্বাসঘাতক’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jgQOo0