কলকাতা: আনলক ৪.০ শুরু হবে মঙ্গলবার থেকে। সেপ্টেম্বর মাসে কয়েকদিন কমপ্লিট লকডাউন থাকবে, ইতিমধ্যেই এমনটা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। তবে লকডাউন লাগু হবে কি না সে বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেবে রাজ্য।
সরকারের সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রের তরফে আনলক ৪.০ আওতায় আলোচনা না করে কোনও সিদ্ধান্ত নিতে নিষেধ করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের কনটেইনমেন্ট জোনগুলি বাদ দিয়ে লকডাউন না করতে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, করোনা ভাইরাসের প্রকোপ কমাতে রাজ্যজুড়ে কমপ্লিট লকডাউন হবে সেপ্টেম্বরের ৭, ১১ এবং ১২ তারিখ। তবে ইতিমধ্যেই কেন্দ্র জানিয়েছে আনলক ৪.০ লাগু হবে সেপ্টেম্বরের ১ তারিখ থেকেই।
সেই ভিত্তিতেই রাজ্য সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, “আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে”।
প্রসঙ্গত, শহর কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা কমেছে৷ ১১ থেকে কমে বর্তমানে সংখ্যা ৮৷ এর আগে ১৭ থেকে কমে হয়েছিল ১১৷ এক সময় এই সংখ্যাটা ৩৯ পৌঁছে গিয়েছিল৷ কলকাতা পুরসভা সূত্রে খবর, কয়েক দিন আগেই শহরে কন্টেইনমেন্ট জোনের সংখ্যাটা ১১ ছিল৷
আরও জানানো হয়েছে, জেলাগুলির ক্ষেত্রে কনটেইনমেন্ট জোনের সংখ্যা ওয়েবসাইটে দেওয়া হবে। আনলক ৪.০ গাইডলাইন অনুযায়ী, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যাগুলি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রককেও জানানো হবে।
জুলাই মাসের ২৩ তারিখ থেকে পশ্চিমবঙ্গ সরকার সাপ্তাহিক লকডাউন শুরু করেছিল যেখানে প্রতিসপ্তাহে দু’দিন করে লকডাউন করা হচ্ছিল। বৃহস্পতিবারের পরে ৩১ অগাস্ট অর্থাৎ সোমবার কমপ্লিট লকডাউন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। খোলা থাকবে জরুরি পরিষেবা তবে বাকি সবকিছু বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
আগামীকাল মঙ্গলবার সেপ্টেম্বরের ১ তারিখ, আনলক ৪.০ নতুন গাইডলাইন লাগু হবে। তাই সোমবারই কেন্দ্র-রাজ্যের কথা হবে বলে মনে করা হচ্ছে।
গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪২৮ জন৷ কিন্তু সুস্থ হয়ে উঠেছেন ৪৭২ জন৷ অর্থাৎ আক্রান্তের চেয়ে তুলনামূলক ভাবে বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন৷ এখনও অবধি মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৩ হাজার ৪৬৪ জন৷ আর মোট আক্রান্ত ৩৯ হাজার ৭১৩ জন৷
উল্লেখ্য, শনিবার জানানো হয় চতুর্থ পর্যায়ের আনলক থেকে একাধিক পরিষেবা চালু হতে চলেছে দেশ জুড়ে। ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। এছাড়াও বেশ কিছু পরিষেবা চালু হতে পারে।
২১ সেপ্টেম্বর থেকে বেশ কিছু অনুষ্ঠানে ছাড়পত্র দেওয়া হবে। যার মধ্যে থাকবে ধর্মীয় অনুষ্ঠান, খেলাধূলা, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানও। অনুষ্ঠানে ১০০ জনকে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবে। এছাড়া আনলক ৪ এক রাজ্য থেকে অন্য রাজ্যে অথবা এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের ক্ষেত্রে যানবাহনগুলির আর কোনও নিয়ন্ত্রণ থাকছে না। কোনও আলাদা পারমিটও লাগবে না।
১ সেপ্টেম্বর থেকে কনটেনমেন্ট জোনেও অনেক পরিষেবা আস্তে আস্তে চালু করা হবে। তবে, সব কনটেনমেন্ট জোনেই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন জারি থাকবে বলে জানা গিয়েছে।
The post সেপ্টেম্বর মাসে লকডাউন কি হবে, কেন্দ্রের সঙ্গে আলোচনা করবে মমতার সরকার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3gEjfdH