চলতি মাসেই খুলছে মঙ্গলাহাট, জারি হচ্ছে নয়া নিয়মকানুন

স্টাফ রিপোর্টার, হাওড়া: চলতি মাসের মাঝামাঝি সময় থেকে মঙ্গলাহাট চালু করার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। বিধিনিষেধ কী কী হবে, সেই বিষয়ে হাটের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে চলতি সপ্তাহেই আলোচনায় বসবে জেলা প্রশাসন। তাঁদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ঠিক হবে নতুন নিয়মকানুন।

সম্প্রতি জেলা প্রশাসনের ভার্চুয়াল বৈঠকে ঠিক হয়েছে, যে জায়গায় ওই হাট বসে, সেই হাওড়া ময়দান চত্বরে এবার থেকে আর হাট বসবে না। ফুটপাতে বসা খুচরো ব্যবসায়ীদের জন্য শালিমারের ডিউক রোড বা অন্য কোনও জায়গায় বসার ব্যবস্থা করা হবে। এছাড়া, সব দোকান একই দিনে, একই সময়ে না খুলে আলাদা আলাদা সময় ঠিক করে দেওয়া হতে পারে। ওই বৈঠকে ঠিক হয়েছে, যে ১১টি ভবনে ওই হাট বসে, সেখানে কোভিড-বিধি মেনে কী ভাবে হাট আবার চালু করা যায়, তা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে শীঘ্রই বৈঠক হবে।

কোভিড পরিস্থিতিতে গত ২৪ মার্চ বন্ধ হয়ে যায় হাওড়ার মঙ্গলাহাট। যার জেরে বিপাকে পড়েন ৬০-৭০ হাজার ব্যবসায়ী। গত জুনে ‘আনলক’ পর্ব শুরু হওয়ায় পর থেকেই জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়ে হাট খোলার আর্জি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। কিন্তু রাজ্য সরকারের অনুমতি না মেলায় জেলা প্রশাসন হাট চালু করতে পারেনি।

কারণ, হাওড়া শহরের একেবারে প্রাণকেন্দ্রে যে বিশাল এলাকাজুড়ে মঙ্গলাহাট বসে, সেখানেই রয়েছে হাওড়া জেলা হাসপাতাল, পুরভবন সহ নানা গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়। ফলে একবার হাট আগের মতো চালু হয়ে গেলে সংক্রমণে আর রাশ টানা যেত না বলে এতদিন হাট খোলার মত দেননি স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে শেষপর্যন্ত দুর্গাপুজোর আগে বেচাকেনার কথা ভেবে হাট চালু করার অনুমতি দিল প্রশাসন।

The post চলতি মাসেই খুলছে মঙ্গলাহাট, জারি হচ্ছে নয়া নিয়মকানুন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/355JWWQ
Post a Comment (0)
Previous Post Next Post