মোদীকে খুনের ছক, হুমকি চিঠি এনআইএ-র হাতে

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ছক কষা হচ্ছে। সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে এমনই একটি হোয়ায়টসঅ্যাপ মেসেজ ইমেল মারফত এসেছে। এই মেসেজ পেয়ে দুশ্চিন্তা বেড়েছে এনআইএ আধিকারিকদের। ‘কিল নরেন্দ্র মোদী’ লেখা ওই মেসেজে। ইতিমধ্যেই বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তাদের জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারদের সঙ্গেও কথা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

হোয়াটস অ্যাপ মেসেজে লেখা তিনটি শব্দ দেখেই ঘুম উড়েছে এনআইএ-র। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী ছাড়াও দেশের বেশ কয়েকজন তাবড় রাজনীতিবিদকে হুমকি দেওয়া হয়েছে। এনআইএ সূত্রে জানা গিয়েছে, গত ৮ অগাস্ট এনআইএ-র হাতে এই ইমেলটি এসেছে।

ইমেলে ওই মেসেজ পাওয়ার পরেই নড়েচড়ে বসেছেন এনআইএ-র অফিসাররা। তড়িঘড়ি গোটা বিষয়টি জানানো হয় স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তাদের। স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখে সতর্ক করে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা আরও জোরদার করতেও সুপারিশ করা হয়।

ইতিমধ্যেই বিষয়টিতে সর্বাপেক্ষা গুরুত্ব দিয়ে আলোচনায় বসেন স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তারা। কেন্দ্রীয় সব কটি নিরাপত্তা বিভাগের সঙ্গে এনিয়ে বিস্তারিত আলোচনা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। গোয়েন্দাদের আরও বেশি তৎপর থাকতে বলা হয়েছে।

যদিও কে বা কারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের ছক কষছে, সেবিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি এনআইএ। তবে কোথা থেকে ওই ইমেলটি পাঠানো হয়েছে, প্রযুক্তিগত তৎপরতা কাজে লাগিয়ে তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

The post মোদীকে খুনের ছক, হুমকি চিঠি এনআইএ-র হাতে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3bozoDj
Post a Comment (0)
Previous Post Next Post