আজ থেকেই উত্তরে বাড়বে বৃষ্টি, সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস

স্টাফ রিপোর্টার, কলকাতা : দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার গোটা দিনই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। শুক্রবারও এমন আবহাওয়াই থাকবে দক্ষিনের জেলাগুলিতে। মূলত জোড়া প্রভাব রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা নীচের দিকে নেমে এসেছে। একইসঙ্গে তাঁরা এও জানাচ্ছেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জেলাগুলির উপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরেই দক্ষিণবঙ্গে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। বলা চলে বজ্রবিদ্যুৎ-সহ মেঘ উৎপন্ন হচ্ছে দুপুরের পর থেকেই। তারপরেই জেলায় জেলায় দেখা মিলছে বৃষ্টির।

তবে দেখা যাচ্ছে যে কয়টি জেলায় বৃষ্টি হয়েছে তার পরিমাণ গড়ে ১.৫ মিলিমিটার। একমাত্র মেদিনীপুরে ১৬.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়া জেলাগুলির মধ্যে রয়েছে ক্যানিং ডায়মন্ড হারবার ও হলদিয়া। এই অঞ্চলগুলিতেই অল্প অল্প বৃষ্টি হয়েছে। বৃষ্টি পেয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল। দক্ষিণের জেলায় গড় সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

অপরদিকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কিছু স্থানে আবার বৃষ্টি হয়েওনি। এর জেরে সর্বোচ্চ তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে। দার্জিলিংয়ে ৫.২ মিলিমিটার, জলপাইগুড়িতে ৭.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে, কোচবিহারে একটুও বৃষ্টি হয়নি। ৬৩.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে শিলিগুড়িতে। মালদহে বৃষ্টি হয়নি।

আজ শুক্রবার থেকে পাহাড়ের পাঁচ জেলায় বৃষ্টি বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এই অঞ্চলগুলির সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ২১.২, ৩২.৫, ৩৪.৫, ৩৩.৬ ও ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৬.৬, ২৫.৮, ২৬.৬, ২৫.০ ও ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে উত্তরবঙ্গে। পাহাড়ের জেলাতেও বেড়েছে পারদ। বৃষ্টি বাড়লে তাপমাত্রা নামতে পারে।

মৌসম ভবন জানাচ্ছে, শুক্রবার থেকেই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি শুরু হবে। অসম ও মেঘালয়ে সপ্তাহান্তে প্রবল বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ হিমালয়ের কাছাকাছি এলাকায় অবস্থিত। অক্ষরেখার পূর্বাংশ গয়া থেকে ফারাক্কা হয়ে বাংলাদেশ ও অসমের উপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং অসমের উপর। পূবালী হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার সংঘাত। এই সিস্টেম গুলির প্রভাবে আগামী কয়েকদিন উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ভারী বৃষ্টি হতে পারে কর্ণাটক, কেরল, তামিলনাড়ু-র মতো দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে।

The post আজ থেকেই উত্তরে বাড়বে বৃষ্টি, সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/353Pktp
Post a Comment (0)
Previous Post Next Post