চূড়ান্ত জলকষ্ট, আস্ত একটা পাহাড় কেটে খাল বানালেন গ্রামের মহিলারা

ভোপাল : জলের অভাব প্রকট। গোটা গ্রাম জলের জন্য হাহাকার করে। বছরের পর বছর সেই একই ছবি। প্রশাসনকে জানিয়েও কোনও ফল না হওয়ায় কোদাল ধরলেন গ্রামের মহিলারাই। মধ্যপ্রদেশের ছত্তরপুরের আঙ্গরোঠা গ্রামের ২৫০ জন মহিলা পাহাড় কাটলেন নিজের হাতে। তৈরি করলেন জল প্রবাহের জন্য রাস্তা। সেই খাল সংযুক্ত হল গ্রামের একমাত্র ও প্রায় শুকিয়ে যাওয়া পুকুরে।

স্থানীয় বাসিন্দা ববিতা রাজপুত বলেন গত ১৮ মাস ধরে জলের উৎস তৈরিতে কাজ করা হয়েছে। পাহাড় কেটেছেন গ্রামের মহিলারা, যাতে জলের ধারা গ্রামে আসে। এই জলের ধারা গ্রামে এলে চাষের জন্য আর জলকষ্ট থাকবে না। পানীয় জলের অভাব দূর হবে। তাই জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড় কেটে জলের ধারা তৈরি করা হয়েছে।

আঙ্গরোঠা গ্রামের আরেক মহিলা বাসিন্দা বিবিতাবাই আদিবাসি জানান নিজেদেরই উদ্যোগ নিতে হয়েছে। কারোর সাহায্য মেলেনি। জীবন ধারণ করাই কষ্টকর হয়ে পড়েছিল। এক ফোঁটা জলের জন্য গোটা গ্রাম সমস্যায় পড়েছিল। তাই কোদাল ধরলেন সবাই। ২৫০ জন মিলে এই কাজ করা হল। ১৮ মাস লাগল গোটা কাজ শেষ হতে।

গ্রামের আরেক বাসিন্দা রাম রতন সিং রাজপুত বলেন গত ১৮ মাস ধরে বাড়ির মহিলারা পাহাড় কেটে খাল তৈরি করলেন। গ্রামে এখন আর জল কষ্ট নেই। পাহাড় কাটতে গিয়ে বড় পাথরের চাঁই সামনে পড়েছিল। সেগুলিও ভেঙ্গেছেন মহিলারা। যে কাজ তাঁরা করেছেন, তা অসাধারণ বললেও, কম বলা হয়।

দিন কয়েক আগেই পাহাড় কেটে খাল তৈরির খবর সামনে এসেছিল। বিহারের লাথুয়া এলাকার কোঠিওয়ালা গ্রামের বাসিন্দা লঙ্গি ভুইঁঞাও একার চেষ্টায় গত ৩০ বছর ধরে খাল কেটে চলেছেন। তাঁদের গ্রাম পাহাড়ের কোলে। তাও আবার মাওবাদী অধ্যুষিত এলাকায়। লঙ্গি জানান, প্রথম থেকে কেউ তাঁকে এই কাজে উৎসাহ দেয়নি। বরং সবাই যখন রুটিরুজির তাগিদে বেরিয়েছেন, তখনও তিনি একাই গিয়েছেন খাল কাটতে। প্রথমে লোকে পাগল বলেছে, কেউ বিশ্বাস করতে পারেনি যে এমনও তিনি করতে পারবেন। তবে তিরিশ বছর ধরে টানা চেষ্টা করার পর কাজ শেষ হয়েছে।

কিন্তু কেন এই দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছিলেন তিনি। লঙ্গি জানিয়ে ছিলেন, বর্ষাকালে পর্যাপ্ত বৃষ্টি হলেও গ‌্রামে সরাসরি জল আসার কোনও সুযোগ এতদিন ছিল না। এবার এই খাল‌ কেটে দেওয়ায় পাহাড়ি নদী থেকে সরাসরি জল আসবে গ্রামে। গয়া জেলা থেকে ৮০ কিলোমিটার দূরে কোঠিওয়ালা গ্রাম ঘেরা জঙ্গল আর পাহাড়ে। সেখানেই সবার চোখের আড়ালে এমন অসম্ভব কাজ করে ফেলেন এক বৃদ্ধ। খোঁড়েন তিন কিলোমিটার লম্বা খাল।

The post চূড়ান্ত জলকষ্ট, আস্ত একটা পাহাড় কেটে খাল বানালেন গ্রামের মহিলারা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mUvvuV
إرسال تعليق (0)
أحدث أقدم