স্টাফ রিপোর্টার, কলকাতা: ফের পুলিশকে ক্ষমতায় এসে ‘দেখে নেওয়ার’ হুমকি দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। রবিবার চা চক্র কর্মসূচিতে দিলীপ ঘোষ হুমকি দিয়ে বলেন,”যে পুলিশ অফিসাররা তৃণমূলের কথা শুনে চলছেন, আমাদের কর্মীদের মিথ্যা কেস দিচ্ছেন, তাদের বলছি এই আনন্দ বেশিদিন টিকবে না। এক বছর পরে বউবাচ্চার মুখ দেখতে দেব না। “
এদিন পুলিশের উদ্দেশ্যে দিলীপ ঘোষ আরও বলেন যে, “যারা দু’নম্বরি পয়সায় ছেলেদের বেঙ্গালুরুতে ভরতি করেছেন। তাদের পড়াশোনা শেষ হবে না। ডাক্তার-ইঞ্জিনিয়ার হবে না। তাদের পরিযায়ী শ্রমিক করে ছাড়ব।যে পুলিশ অফিসার ও তৃণমূল নেতা মানুষের জীবনের শান্তি নষ্ট করছেন তার হিসেব কড়ায়-গন্ডায় নেব। আজ বা কাল চাকা ঘুরবেই।”
উত্তর চব্বিশ পরগনা জেলার ঘোলাতে দলীয় কর্মীদের উদ্দেশে রাজ্যের গেরুয়া শিবিরের প্রধান বলেন, “২০২১ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হবে তৃণমূল। তৃণমূল দলের কর্মীদের রাস্তার মাঝে ধরে জুতো পেটা করা উচিত।”
মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়ে দিলীপের মন্তব্য, “অনেক ভাঙাভাঙি করেছেন। এবার গড়ার কথা ভাবুন। যেদিন সরকারেটা ভেঙে দেব অনাথ হয়ে যাবেন।”
এদিকে দিলীপ ঘোষের এমন মন্তব্যর প্রেক্ষিতে তৃণমূলের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে বিজেপির রাজ্য সভাপতি তাঁকে জুতো মেরে দেখাক। বিজেপি সাংসদকে “অশিক্ষিত এবং অপসংস্কৃতিক”ও বলেন। কল্যাণ বলেন, “যদি সাহস থাকে তাহলে আমাকে আগে জুতো মেরে দেখাক। আমি চ্যালেঞ্জ করলাম।”
রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেছেন, দিলীপ ঘোষ পাগলের প্রলাপ বকছেন। আগামী বিধানসভা নির্বাচনে তার উত্তর পেয়ে যাবেন দিলীপ ঘোষ। অরূপের পাল্টা হুঁশিয়ারি, “যেভাবে তারা প্রলাপ বকছেন মানুষই তাদের পাগলা গারদে ঢুকিয়ে দেবে।”
The post এক বছর পর বউবাচ্চার মুখ দেখতে দেব না, পুলিশকে হুমকি দিলীপের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35dHg9G