বেজিং : বেশ অদ্ভুত উপমা টেনে ভারতের চিনা অ্যাপ বাতিলের সমালোচনা করল চিন। বৃহস্পতিবার সেদেশের বিদেশ মন্ত্রক জানায় চিনে ভারতের যোগ ব্যায়াম ও নোবেল প্রাপক কবি রবীন্দ্রনাথ ঠাকুর বেশ সম্মানিত ও জনপ্রিয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি চিন ভয় না পায়, তাহলে পাবজির মতো গেমিং অ্যাপকে কেন ভয় পাচ্ছে ভারত।
চিনের পরামর্শ মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুকরণ করার প্রয়োজন নেই ভারতের। আমেরিকার চিন নীতিকে অনুকরণ করার ফল দুদেশের সম্পর্কের ওপর পড়বে। ভারত যে কারণে চিনের ১১৮টি অ্যাপ বাতিল করেছে, সেই কারণ খুব একটা যুক্তিযুক্ত নয় বলেই মনে করে চিন।
চিনা বিদেশমন্ত্রকের দাবি তাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বা ভারতের যোগ ব্যায়াম অত্যন্ত জনপ্রিয়। কিন্তু এগুলিকে চিন খুব একটা ঝুঁকির বলে মনে করে না। একদিকে যখন চিনের বিদেশমন্ত্রক রবি ঠাকুরের উদ্ধৃতি তুলে ধরে ভারতের সমালোচনা করেছে, তখন চিনের বাণিজ্য মন্ত্রক কড়াভাষাই বেছে নিয়েছে ভারতের বিরোধিতা করার জন্য।
বৃহস্পতিবার চিনের বাণিজ্য মন্ত্রী চিনা অ্যাপ বাতিল ইস্যুতে ভারতের কড়া সমালোচনা করেন। ভারত যেন নিজের ভুল শুধরে নেয়, এই দাবি করেছেন তিনি। চিনা বাণিজ্য মন্ত্রকের মুখপাত্র গাও ফেং এক প্রেস ব্রিফিংয়ে এই বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন চিনা বিনিয়োগকারী ও রফতানিকারকদের স্বার্থ এতে ক্ষতিগ্রস্ত হল।
উল্লেখ্য পাবজি অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে ভারত এক নম্বরে ছিল। প্রায় ১৭৫ মিলিয়ন মানুষ এটি ডাউনলোড করেছিলেন। মোট ব্যবহারকারীর ২৪ শতাংশই ছিলেন ভারতীয়। তবে, মোদী সরকার ঘোষণা করলেও রাত ১২ টার পরেও কাজ করেছে পাবজি গেম। এমনকি সেটি প্লে স্টোরে এবং অ্যাপল অ্যাপ স্টোরেও মিলেছে। তবে মনে করা হচ্ছে বৃহস্পতিবারের পর থেকেই এই অ্যাপ প্লে স্টোর ও অ্যাপল স্টোর থেকে সরে যেতে পারে।
এদিন চিনা বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, ভারত যা করেছে, তাতে কোনও দেশেরই লাভ হবে না। বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুংইং বলেন দুই দেশেরই প্রাচীন ঐতিহ্য ও সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যা একে অপরের পরিপূরক। তাই চিনে দিন দিন রবীন্দ্রনাথ ঠাকুর ও যোগব্যায়ামের জনপ্রিয়তা বাড়ছে। রবি ঠাকুরের কবিতা উদ্ধৃত করে এদিন বক্তব্য রাখে চিনের বিদেশমন্ত্রক।
The post রবীন্দ্রনাথকে ভয় পায় না চিন, পাবজিকে কেন ভয় পাচ্ছে ভারত : বেজিং appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/351zrUk