স্টাফ রিপোর্টার , কলকাতা : গত সপ্তাহ পর্যন্ত ভারী বৃষ্টি নাস্তানাবুদ করে ছেড়েছিল উত্তরবঙ্গের জেলাগুলিকে। তবে আপাতত সেই সমস্যা থেকে মুক্তি উত্তরবঙ্গের। এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে আর ভারী , অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এমনিতেই উত্তরবঙ্গে এবারে প্রচুর বৃষ্টি হয়েছে। উত্তরের বৃষ্টিতেই স্বাভাবিক রয়েছে রাজ্যের সামগ্রিক বৃষ্টির চিত্র। সেই চিত্রের বদল হচ্ছে না তবে বৃষ্টির সম্ভাবনা না থাকায় বৃষ্টির অস্বস্তি কমছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? হাওয়া অফিস জানাচ্ছে আপাতত রোদ ঝলমলে আকাশ থাকবে সেখানে। কখনও আংশিক মেঘলা আকাশ স্বাভাবিক নিয়মে তৈরি হবে। দু’এক জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও তৈরি হবে। বৃষ্টি হবেও। তবে ভারী বৃষ্টি থেকে আপাতত রেহাই উত্তরের। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে তা তেমন অস্বস্তির কারন হয়ে উঠবে না।
বুধবার সকালের রেকর্ড বলছে কোচবিহার ও দার্জিলিং ছাড়া কোথাও বৃষ্টি হয়নি। বৃষ্টির পরিমান ১.৮ ও ৮.৮ মিলিমিটার। প্রসঙ্গত, গত সপ্তাহের ভয়ঙ্কর বৃষ্টির জেরে আত্রেয়ী নদীতে জল বেড়ে গিয়েছিল। বালুরঘাট শহরের বেশ কিছু এলাকায় জল ঢুকতে শুরু করেছিল। বেশ কিছু বাড়ি জলমগ্ন হয়ে পড়েছিল। সমস্যায় পড়েছিল এলাকার বাসিন্দারা। তবে আপাতত সে সব চিন্তা থেকে মুক্তি তা বলা যেতেই পারে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পূর্ব বিহার ও উত্তরবঙ্গ ঘেঁষে ঘূর্ণাবর্তটি এখনও রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলে নিম্নচাপ অক্ষরেখা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্ধ্রপ্রদেশ উপকূলে ও রাজস্থানে অবস্থান করছে আরও দুটি ঘূর্ণাবর্ত। বলা যায় একেবারে চতুর্মুখী ফলা। এর প্রভাব বেশ কিছুটা পড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, ফলে কোথাও না কোথাও প্রত্যেকদিনই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সময়ান্তর বৃষ্টি হচ্ছেও। সেই সম্ভাবনা আজ বুধবারেও থাকছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
বুধবার সকাল পর্যন্ত ডায়মন্ড হারবারে ৩৩.০ মিলিমিটার, হলদিয়ায় ১.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দক্ষিণের আর কোনও স্থানে বৃষ্টির খবর নেই। পূর্বাভাস বলছে আজ বুধবার ফের বিক্ষিপ্ত বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ বর্তমান থাকবে। সকাল থেকে কখনও ঝলমলে রোদ কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে। ফলে স্বাভাবিকভাবেই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে জেলার মানুষের। এখান থেকে বৃষ্টি হলে মিলবে সাময়িক স্বস্তি।
The post উত্তরে রোদ ঝলমলে আকাশ, ভারী বৃষ্টি থেকে রেহাই পাহাড়ে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mZp0r3