স্টাফ রিপোর্টার, কলকাতা: আমার মনে হয় এই রায়ে ধর্মনিরপেক্ষতা ধাক্কা খাবে। বাবরি মামলার রায়ে এমনই প্রতিক্রিয়া জানালেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “এখন তো আদালতের সব রায়ই কেন্দ্রের শাসকদলের পক্ষে হচ্ছে।রামজন্মভূমির ব্যাপারেও হয়েছে। আমি ভাবছিলাম এমনটাই হবে।”
বাবরি মামলায় ক্লিনচিট পেয়ে গিয়েছেন এলকে আডবানি সহ ৩২ অভিযুক্ত। প্রমাণের অভাবেই তাঁদের নির্দোষ সাব্যস্ত করেছে সিবিআইয়ের বিশেষ আদালত। সৌগত রায় নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, “এই রায়ে আমি খুবই হতাশ। ভারতের ধর্মনিরপেক্ষতার প্রতীক ছিল একটা মসজিদ। সেটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। হাজার হাজার লোক জমা হল। আদালত বলল, কোনও পূর্বপরিকল্পনা ছিল না। ভিড়ের জন্য হয়ে গিয়েছে। এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয়।”
তিনি এও বলেন, “আমি আশা করে থাকব যে মুসলিম পার্সোনাল ল বোর্ড আপিলে যাবে। উচ্চ আদালতে হয়তো বিচার হবে। আঠাশ বছর পর রায় বেরলো। আমাদের দেশের বিচারব্যবস্থা কেমন দ্রুত চলে তার একটা উদাহরণ স্থাপন হল।”
এ প্রসঙ্গে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, “এই রায় প্রত্যাশিতই ছিল। এমনই একটা রায় আসবে ভেবেই রেখেছিলাম। এই রায়ে দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ধাক্কা খাবে। তিনি বলেন, বিজেপি বিরোধী দলগুলোকে বলব, ভারতের ঐক্য সংহতি বিসর্জন দিয়ে যাঁরা ভারতে একটি বিশেষ ধর্মের দেশ বলে চিহ্নিত করতে চান, তাঁদের বিরুদ্ধে সমস্ত দল এক হন।”
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, মোদী-শাহের রাজত্বে যা হওয়ার তাই হচ্ছে। মোদী-শাহ নিজেরাই ছাড়া পেয়ে যাচ্ছেন। ফলে বাকিরা তো ছাড়া পাবেনই। স্পষ্ট হয়ে যাচ্ছে, সরকার যা চাইছে সেই পথেই রায় বেরোচ্ছে। এতে দেশের মাথা লজ্জায় হেঁট হয়ে যাচ্ছে। জ্যোতি বসু এই ঘটনার পর বর্বরের দল বলে মন্তব্য করেছিলেন।
The post ‘এই রায়ে ধর্মনিরপেক্ষতা ধাক্কা খাবে’, বাবরি নিয়ে প্রতিক্রিয়া সৌগত রায়ের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2G7MjhM