সংসদে প্রবেশের জন্য করোনা টেস্ট রিপোর্ট দেখাতে হবে সাংসদ, কর্মীদের

নয়াদিল্লি : করোনা আবহেই শুরু হতে চলেছে বাদল অধিবেশন। তবে সাংসদ, তাঁদের ব্যক্তিগত সচিব, সংসদের কর্মী ও সরকারি আধিকারিকদের জন্য বিশেষ নিয়ম চালু করতে চলেছে লোকসভা ও রাজ্যসভা সচিবালয়। ১৪ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন।

জানানো হয়েছে সংসদে প্রবেশ করতে হলে প্রত্যেককে করোনা টেস্ট রিপোর্ট দেখাতে হবে। রিপোর্ট নেগেটিভ হলে তবেই প্রবেশ করা যাবে সংসদে। প্রত্যেককে RT-PCR টেস্ট করানোর ও সেই রিপোর্ট নিয়ে আসার কথা জানানো হয়েছে। যদি কারোর সেই টেস্ট করানো না থাকে, তবে সংসদের রিসেপশনে টেস্ট করানোর ব্যবস্থা রাখা হবে। সেখান থেকে করোনা পরীক্ষা করাতে হবে ওই ব্যক্তিকে। যতদিন না টেস্ট রিপোর্ট আসছে, ততদিন অপেক্ষা করতে হবে তাঁদের। তারপরেই সংসদে প্রবেশ করার অনুমতি পাবেন।

১৪ সেপ্টেম্বর যাঁরা সংসদে প্রবেশ করতে চাইবেন, তাঁদের ১১ই সেপ্টেম্বরের পরে টেস্ট করাতে হবে, সেই রিপোর্ট নিয়ে সংসদে প্রবেশ করতে হবে। অর্থাৎ য়ে যেদিন সংসদে প্রবেশ করতে চাইবেন, তার ৭২ ঘন্টা আগের রিপোর্ট জমা দিতে হবে বা দেখাতে হবে। যদি কোনও সদস্য করোনা ভাইরাস নেগেটিভ হন, অথচ তার বিশেষ কোনও করোনা উপসর্গ থাকে, তবে তাঁকে RT-PCR টেস্ট করাতে হবে। যতদিন না ফল বেরোচ্ছে হোম আইসোলেশনে থাকতে হবে তাঁকে।

শনিবার লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে করোনা পরীক্ষার ক্যাম্প করা হবে। সাতটি কাউন্টার রাখা হয়েছে সেখানে। বাদল অধিবেশন যে সব কর্মীরা কাজ করবেন, তাঁদের করোনা পরীক্ষা হবে সেখানে। কোনও করোনা আক্রান্ত ব্যক্তিকে সংসদে প্রবেশ করতে দেওয়া হবে না।

১৪ সেপ্টেম্বর থেকে অধিবেশন শুরু হয়ে চলবে পয়লা অক্টোবর পর্যন্ত। তবে এর মাঝে কোনও ছুটি বা বিরতি দেওয়া হবে না অধিবেশনে। মোট ১৮বার অধিবেশন বসবে। দিনের প্রথম চার ঘন্টায় রাজ্য সভা ও পরের চার ঘন্টায় লোকসভার অধিবেশনের কাজ চলবে।

তবে বাদল অধিবেশনের প্রথম দিন নিয়ম অনুযায়ী লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আনুষ্ঠানিক ভাবে সদস্যদের কাছ থেকে চেম্বার অন্য কাজে ব্যবহার করার অনুমতি চাইবেন। তাই প্রথম দিনের প্রথম চার ঘন্টায় লোকসভার কাজ চলবে। পরের চার ঘন্টায় হবে রাজ্যসভার কাজ।

The post সংসদে প্রবেশের জন্য করোনা টেস্ট রিপোর্ট দেখাতে হবে সাংসদ, কর্মীদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jOs0nI
إرسال تعليق (0)
أحدث أقدم