‘সিঙ্গুরের কৃষকদের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছিলেন’, মমতাকে কৃষক-বিরোধী আখ্যা রাজ্যপালের

স্টাফ রিপোর্টার, কলকাতা: কৃষি বিলের প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছে তৃণমূল। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে কৃষক-বিরোধী প্রমাণ করতে মরিয়া তারা। এই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কৃষক-বিরোধী আখ্যা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

রবিবার পরপর দু’টি টুইট করেন রাজ্যপাল। প্রথম টুইটে তিনি লিখেছেন, “আপনি এমন ব্যবস্থা তৈরি করেছেন যা কৃষক বিরোধী। এর ফলে দুর্নীতি আরও বাড়বে। কেন্দ্রের প্রকল্প গ্রহণ না করায় বঞ্চিত কৃষকরা। সিঙ্গুরের কৃষকদের সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল।”

উল্লেখ্য, কৃষিবিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “ভুঁইফোড়-জোতদারদের হাতে ক্ষমতা দিয়ে দিচ্ছে কেন্দ্র। চাষিদের ভবিষ্যৎ নষ্ট করছে।” কেন্দ্রকে ‘মজুতদার’, ‘কালোবাজারির সরকার’ বলে কটাক্ষ করে মমতা আশঙ্কা প্রকাশ করেন, “দেশে এবার খাদ্যের দুর্ভিক্ষ আসতে চলেছে।”

যদিও আগেই এই ইস্যুতে টুইট করে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়েছেন রাজ্যপাল। টুইটে একটি চিঠি অ্যটাচ করে তাতে ডিয়ার চিফ মিনিস্টার বলে সম্বোধন করে লিখেছিলেন, “রাজ্যের গড়িমসির জন্য ৭০ লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্য সরকার যদি যথাসময়ে উদ্যোগ নিত তাহলে কৃষকদের কিষাণ সম্মাননিধির সুবিধা পেতেন এরাজ্যের কৃষকরা। তিনি আরও লিখেছেন সারা দেশের কৃষকরা প্রধানমন্ত্রীর সম্মাননিধি থেকে সুবিধা পেয়েছেন, বঞ্চিত হয়েছেন কেবল পশ্চিমবঙ্গের কৃষকরা।” এদিন ফের সিঙ্গুর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন তিনি।

দ্বিতীয় টুইটে ফের রাজ্য প্রশাসনিক ব্যবস্থার দিকে আঙুল তোলেন সাংবিধানিক প্রধান। যেভাবে গোটা দেশের সরকার চলে তার একেবারে বিপরীত পদ্ধতিতে রাজ্যে সরকার চলছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও আমফানের ত্রাণের প্রসঙ্গ তুলে ত্রাণ নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন ধনকড়। সবশেষে রাজ্যে স্বচ্ছতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন রাজ্যপাল।

উল্লেখ্য, শনিবারই রাজ্যপালকে কড়া চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের রাজ্যপাল ধনকড়কে মনে করিয়ে দিয়েছেন, “নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে আবার আপনার প্রতি অনুরোধ ও পরামর্শ, সংবিধানের গণ্ডির মধ্যে থাকুন। কোনও রাজনৈতিক দলের দায়িত্ব কাঁধে নেবেন না। নির্বাচিত সরকার ও তার মন্ত্রিসভাকে হেয় প্রতিপন্ন করে নিজের ক্ষমতার বাইরে গিয়ে রাজ্য প্রশাসনের আধিকারিকদের উপরে হুকুম চালাবেন না!”

The post ‘সিঙ্গুরের কৃষকদের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছিলেন’, মমতাকে কৃষক-বিরোধী আখ্যা রাজ্যপালের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3kQMiNM
إرسال تعليق (0)
أحدث أقدم