আধাসামরিক বাহিনীতে খালি এক লক্ষেরও বেশি পদ, প্রচুর চাকরির সম্ভাবনা

নয়াদিল্লি : বড়সড় ঘোষণা কেন্দ্রের। আধাসামরিক বাহিনীতে খালি রয়েছে এক লক্ষেরও বেশি পদ। অবসর গ্রহণ, পদত্যাগ বা মৃত্যুর কারণে এই পদগুলি খালি হয়েছে বলে সোমবার রাজ্য সভায় জানিয়েছে কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন বিএসএফ বা বর্ডার সিকিওরিটি ফোর্সে রয়েছে সব থেকে বেশি শূণ্য পদ। এছাড়াও শূণ্য পদ রয়েছে সিআরপিএফ ও সিএপিএফে।

নিত্যানন্দ রাই জানান, বিএসএফের শূণ্য পদের সংখ্যা ২৮৯২৬। সিআরপিএফে শূণ্যপদের সংখ্যা ২৬,৫০৬। সিআইএসএফে খালি পদ রয়েছে ২৩,৯০৬টি। এসএসবি বা সশস্ত্র সীমা বলে শূণ্য পদের সংখ্যা ১৮,৬৪৩। ইন্দো টিবেটান বর্ডার পুলিশে খালি রয়েছে ৫৭৮৪টি পদ এবং অসম রাইফেলসে ৭৩২৮টি পদ খালি রয়েছে।

এক লিখিত প্রশ্নের জবাবে সোমবার নিত্যানন্দ রাই বলেন সিএপিএফ এবং অসম রাইফেলসে অবসর গ্রহণ, পদত্যাগ বা মৃত্যুর কারণে পদগুলি খালি হয়েছে। বেশিরভাগ পদই কনস্টেবল গ্রেডের পদ বলে এদিন জানিয়েছেন তিনি।

সরাসরি এই পদগুলিতে নিয়োগ করতে চাইছে কেন্দ্র। এজন্য খুব দ্রুত বিজ্ঞপ্তি জারি করা হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। মন্ত্রী জানান, সিএপিএফে নিয়োগ আগে করা হবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

বর্তমানে ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের আওতায় ৩৩০টি অ্যাসিসট্যান্ট কমান্ডান্ট পদে ও স্টাফ সিলেকশন কমিশনের আওতায় ৬০,২১০টি কনস্টেবল পদে, ২৫৩৪টি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে সরকারি চাকরি প্রার্থীদের জন্যে বাজেটে বড়সড় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। জানানো হয় নন-গেজেটেড সমস্ত সরকারি চাকরির জন্য অভিন্ন একটি পরীক্ষার ব্যবস্থা করতে চলেছে মোদী সরকার। এখন যেমন প্রত্যেকটি চাকরির জন্য আলাদা আলাদা পরীক্ষা নিতে হয়, এরপর থেকে সেটা করতে হবে না বলেই ঘোষণা করেন অর্থমন্ত্রী। নির্মলা সীতারমণের এই ঘোষণার ফলে সুবিধা হবে চাকুরীপ্রার্থীদের বলে জানানো হয়। প্রতিটি পিছিয়ে পড়া জেলায় পরীক্ষার কেন্দ্র তৈরী করা হবে বলেও জানিয়ে ছিলেন অর্থমন্ত্রী।

The post আধাসামরিক বাহিনীতে খালি এক লক্ষেরও বেশি পদ, প্রচুর চাকরির সম্ভাবনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HgC9eF
إرسال تعليق (0)
أحدث أقدم