শ্রী সিমেন্টের হাত ধরে আইএসএলে’র খুব কাছে ইস্টবেঙ্গল

কলকাতা: সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতির বারবেলায় হয়তো হয়ে যাবে ঘোষণাটা। উত্তরপত্র জমা দেওয়ার আগে এখন চলছে শেষমুহূর্তের রিভিশন। রিভিশনটা চলছিল হয়তো গত কয়েক সপ্তাহ ধরেই। কিন্তু সে ব্যাপারে আঁচ বিশেষ কেউ করে উঠতে পারেননি।

মঙ্গলবার রাতে সুখবরটা আর চাপা থাকল না। দেশের অন্যতম বৃহৎ সিমেন্ট প্রস্তুতকারক সংস্হা শ্রী সিমেন্টের হাত ধরে দেশের টপ টিয়ার লিগে নাম লেখাতে চলেছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর তেমনটাই। তবু না আঁচালে বিশ্বাস নেই। তাই ঐতিহাসিক চুক্তি ঘোষণা প্রায় পাকা ধরে নিয়েও সোশ্যাল মিডিয়ায় খুব বেশি উচ্ছ্বাস দেখাতে চাইছেন না সমর্থকেরা। বরং আর কয়েকঘন্টা ফিঙ্গার ক্রস রেখে অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় তারা।

আসলে প্রসূন মুখোপাধ্যায়ের ইউসেল, শাহরুখের রেড চিলিজ কিংবা গোদরেজ। গত কয়েকমাসে একাধিক সংস্হার নাম লাল-হলুদের ইনভেস্টর হিসেবে উঠে আসলেও দিনের আলো দেখেনি একটিও। এদিকে ইনভেস্টর ঘোষণা না হওয়ায় ধীরে-ধীরে ফিকে হচ্ছিল আসন্ন মরশুমে আইএসএল খেলার স্বপ্ন।

ওদিকে লকডাউনের কারণ দেখিয়ে সমর্থকদের বারংবার ধৈর্য্য ধরতে বলছিলেন কর্তারা। কিন্তু ধৈর্য্য হারালেও কোথাও গিয়ে মিরাকলের আশায় দিন গুনছিলেন সমর্থকরা। অবশেষে সবুরে মেওয়া ফলতে চলেছে বলেই মনে করা হচ্ছে। বুধবার দু’পক্ষ তাদের যাবতীয় পেপারওয়ার্ক সেরে ফেলার পর আগামী বৃহস্পতিবার অফিসিয়ালি ইনভেস্টর ঘোষণা করবে ইস্টবেঙ্গল। এমনটাই জানা গিয়েছে।

এরপর আইএসএল খেলার জন্য এফএসডিএলের কাছে দরবার করে সমস্ত প্রস্তুতি শুরু করে দেবে লাল-হলুদ। সেক্ষেত্রে প্রয়োজনীয় ইনভেস্টর জোগাড় হয়ে যাওয়ায় পড়শি ক্লাব মোহনবাগানের পর ইস্টবেঙ্গলেরও দেশের টপ টিয়ার লিগে খেলার বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে বলা যায়।

শ্রী সিমেন্ট সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হবে দেশের উত্তরে মূলত এই সংস্থার কর্মযজ্ঞ চলে। তবে সংস্হার হেড কোয়ার্টার কলকাতাতেই। সেকারণেই হয়তো ইস্টবেঙ্গল কর্মকর্তাদের পক্ষে দেশের অন্যতম শীর্ষ সিমেন্ট প্রস্তুতকারক সংস্হার খুব কাছে পৌঁছনো সহজ হয়েছে। তবে কী অনুপাতে চুক্তি চূড়ান্ত হতে চলেছে, তা এখনও জানা যায়নি। এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আপামর লাল-হলুদ জনতা।

The post শ্রী সিমেন্টের হাত ধরে আইএসএলে’র খুব কাছে ইস্টবেঙ্গল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QM0Ykd
إرسال تعليق (0)
أحدث أقدم