ওপেনিং ম্যাচ জিতে চাহালের ‘বিরাট’ প্রশংসায় কোহলি

দুবাই: সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়ে মরুশহরে ত্রয়োদশ আইপিএলের শুভ সূচনা করল গতবারের ‘লাস্ট বয়’ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দ্বাদশ আইপিএলে প্রথম ছ’ম্যাচে টানা হার দিয়ে শুরু করা তারকাখোচিত আরসিবি ফ্র্যাঞ্চাইজির কাছে চলতি আইপিএলের ওপেনিং ম্যাচে এই জয় যে ভীষণ গুরুত্বপূর্ণ, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার আরসিবির প্রথমে ব্যাট করে তোলা ১৬৩ রান একসময় মোটেই নিরাপদ মনে হচ্ছিল না জনি বেয়ারস্টো-মনীশ পান্ডে জুটির বিরুদ্ধে।

বেয়ারস্টোদের ব্যাটিং ধামাকায় ম্যাচ যখন অনেকটাই সানরাইজার্সের দিকে ঝুঁকে গিয়েছে ঠিক তখনই ম্যাচের মোড় ঘোরালেন যুবেন্দ্র চাহাল। সোশ্যাল মিডিয়ায় অতি সক্রিয় এই লেগ-স্পিনারকে নিয়ে সতীর্থদের অভিযোগের শেষ নেই। কিন্তু কেন তিনি বিরাটের দলের অন্যতম ট্রাম্প কার্ড, আরও একবার বোঝালেন সদ্য বাগদান সেরে আমিরশাহীতে পা রাখা চাহাল। ৪ ওভারে ১৮ রানে ৩ উইকেট। ঈর্ষনীয় এই বোলিং ফিগারের জন্য ম্যাচের সেরার পুরস্কারও উঠল চাহালের হাতে।

প্রথমে মনীশ পান্ডেকে ফিরিয়ে ক্রমেই লম্বা হতে চলা একটা পার্টনারশিপে ভাঙন ধরালেন। এরপর একই ওভারে চাহালের ডেলিভারিতে ক্লিন বোল্ড বিধ্বংসী জনি বেয়ারস্টো এবং বিজয় শংকর। ম্যাচটা সম্ভবত ওখানেই জিতে গিয়েছিল বিরাটের দল। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে চাহালকে দরাজ সার্টিফিকেট দিলেন অধিনায়ক। বিরাট কোহলি সাফ জানালেন, ‘যুজি এসে ম্যাচের সমীকরণটা পুরো বদলে দিল আমাদের জন্য।’ আরসিবি অধিনায়ক চাহালের প্রশংসা করে আরও বলেন, ‘আজ ও প্রমাণ করে দিল তোমার দক্ষতা থাকলে তুমি যে কোনও উইকেটেই সোনা ফলাতে পারবে। ও আক্রমণাত্মক লাইন-আপের বিরুদ্ধে আজ যেভাবে বল করল তাতে আমার মতে ওই খেলার মোড় ঘুরিয়ে দিল।’

বিরাটের গলায় স্তুতি শোনা গেল অভিষেকে দুরন্ত ৫৬ রানের (৪২ বল) ইনিংস উপহার দেওয়া দেবদূত পারিক্কলকে নিয়েও। বিরাট প্রশংসা করেছেন তাঁর দুই অভিজ্ঞ সেনানী অ্যারন ফিঞ্চ এবং এবি ডি’ভিলায়ার্সের ব্যাটিংয়েরও। সবমিলিয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাঁর দলের ইতিবাচক মানসিকতা যে স্বস্তি দিয়েছে বিরাটকে, সেটা অধিনেয়কের ইঙ্গিতেই স্পষ্ট। পক্ষান্তরে সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার জানিয়েছেন এদিন ভাগ্য তাঁর দলের সহায় ছিল না। মিচেল মার্শের চোট তাঁর দলের পক্ষে অনেক বড় ক্ষতি হয়ে দেখা দিয়েছে বলে জানান অজি তারকা। কিন্তু তাই বলে চাহালের কৃতিত্বকে একেবারেই খাটো করতে চাননি তিনি।

ওয়ার্নারের কথায়, ‘সম্ভবত চাহালের অন্তিম ওভারটা ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেল ম্যাচের।’ একইসঙ্গে পরবর্তী ম্যাচের আগে ড্রইং বোর্ডে ফিরে বেশ কিছু সমস্যার সমাধান করতে হবে বলেও জানিয়েছেন সানরাইজার্সের অজি অধিনায়ক।

The post ওপেনিং ম্যাচ জিতে চাহালের ‘বিরাট’ প্রশংসায় কোহলি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2En6dEp
Post a Comment (0)
Previous Post Next Post