রাজনীতি করতেই কংগ্রেসের হাথরস যাত্রা: স্মৃতি ইরানি

নয়াদিল্লি: হাথরসের নারকীয় ঘটনার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। দলিত কন্যার মর্মান্তিক পরিণতিতে কেন্দ্রের শাসকদল বিজেপিকে তুলোধনা করছে কংগ্রেস। এবার কংগ্রেসকেই পাল্টা বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। ‘‘জনগণ বুঝতে পেরেছে কংগ্রেস হাথরসে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে নয়, বরং ঘটনাটি নিয়ে রাজনীতি করতে যেতে চাইছে।’’

হাথরসের নির্যাতিতা তরুণীর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৪ সেপ্টেম্বর দুপুরে মা এবং ভাইয়ের সঙ্গে মাঠে ঘাস কাটছিলেন ওই তরুণী। কিছুক্ষণ পর হাতে ঘাসের বান্ডিল নিয়ে ভাই বাড়ি ফিরে এলেও তখনও মাঠে কাজ করছিলেন মা-মেয়ে। জানা গিয়েছে, ঘাস কাটতে কাটতে মায়ের থেকে কিছুটা দূরে চলে যায় ওই তরুণী। কিছু সময় পর মাঠে মেয়েকে দেখতে না পেয়ে তাঁর খোঁজ শুরু করেন ওই তরুণীর মা এবং পরিবারের লোকেরা।

এরপর কিছুটা দূরে দোপাট্টা জড়ানো অবস্থায় বাজরা খেতের মধ্যে মেয়ের ক্ষতবিক্ষত দেহ দেখতে পান পরিবারের লোকেরা। তরুণীর পরিবারের দাবি, মোট চার থেকে পাঁচ জন উচ্চবর্ণের যুবক তাঁদের মেয়েকে টেনে হিঁচড়ে বাজরা খেতের মধ্যে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। নির্যাতনের পরিমাণ এতটাই বেশী ছিল যে, ওই তরুণীর ঘাড়ের হাড় এবং শিরদাঁড়া ভেঙে গিয়েছিলো। পঙ্গু অবস্থায় খেতের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলেন তরুণী।

শেষমেশ একটানা ১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে হাসপাতালে মৃত্যু হয় তরুণীর। মেয়েটির মৃত্যুর পরে তাঁর দেহ পরিবারের হাতে তুলে না দিয়ে চুপিসারে দাহ করে দেয় যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ। যোগী প্রশাসনের পুলিশের ভূমিকায় দেশের সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে।

যোগী রাজ্যে দলিত তরুণীর উপর নৃশংস অত্যাচারের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। প্রতিবাদের ঝড় উঠেছে সর্বত্র। নির্যাতিত মৃতা তরুণীর হয়ে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। একাধিক রাজনৈতিক নেতা দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন।

নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলে আটকানো হয় রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী-সহ কংগ্রেস নেতা-কর্মীদের। পরে রাহুল, প্রিয়াঙ্কা-সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে গ্রেফতারও করে উত্তরপ্রদেশ পুলিশ।

হাথরস নিয়ে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে কংগ্রেস। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কংগ্রেসকে বিঁধে এদিন বলেন, ‘‘কংগ্রেসের কৌশলগুলি সচেতন জনগণ বুঝে গিয়েছেন। সেই কারণেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয় নিশ্চিত করেছেন তাঁরা। জনগণ বুঝছেন কংগ্রেসের হাথরস ভ্রমণ তাঁদের রাজনীতির জন্য ভুক্তভোগীর প্রতি ন্যায়বিচারের জন্য নয়।’’

The post রাজনীতি করতেই কংগ্রেসের হাথরস যাত্রা: স্মৃতি ইরানি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/30wAcS6
إرسال تعليق (0)
أحدث أقدم