মণীশ ছোট ভাইয়ের মতো ছিল, ফল ভুগবে তৃণমূল: অর্জুন সিং

বারাকপুর: টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লার খুনের ঘটনায় রাজ্যের শাসকদল তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ শানালেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। টুইটে বারাকপুরের বিজেপি সাংসদ লিখেছেন, ‘‘ছোট ভাইয়ের মতো ছিলেন মণীশ শুক্লা। তৃণমূল ও পুলিশকে তাদের কৃতকর্মের ফল ভুগতে হবে।’’

রবিবার ভর সন্ধেয় টিটাগড়ে শ্যুটআউট। পয়েন্ট রেঞ্জ থেকে বিজেপি নেতা মণীশ শুক্লাকে একের পর এক গুলি। রবিবার সন্ধেয় দলীয় কার্যালয়ের সামনেই বসে ছিলেন মণীশ শুক্লা। কেউ কিছু বুঝে ওঠার আগেই বাইকে করে বেশ কয়েকজন দুষ্কৃতী আসে। তাঁকে ঘিরে ধরে।

খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে অন্তত পাঁচ থেকে ছটি গুলি দুষ্কৃতীরা চালায়। মণীশের শরীরে পাঁচ থেকে ছয়টি গুলি লাগে। দ্রুত ওই বিজেপি নেতাকে সঙ্কটজনক অবস্থায় কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি।

ঘটনার পরেই বিজেপি সাংসদ অর্জুন সিং অভিযোগ তোলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পরে টুইটেও অর্জুন সিং লেখেন, ‘‘আমার ছোট ভাইয়ের মতো ছিল মণীশ। আমাকে আড়াল করে রাখতো। বারাকপুর ও বাংলা ওঁর আত্মত্যাগ ভুলবে না। তৃণমূল ও পুলিশকে তাদের কৃতকর্মের ফল ভুগতে হবে।’’

অন্যদিকে, আজ সোমবার টিটাগড় যেতে পারে বিজেপির কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয় সহ একাধিক বিজেপি নেতা থাকতে পারেন।

টিটাগড়ে বিজেপি নেতা খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন কৈলাশ বিজয়বর্গীয়। এই ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল জগদীপ ধনকড়। সোমবার সকালে রাজভবনে তিনি ডেকে পাঠিয়েছেন ডিজি ও অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে।

The post মণীশ ছোট ভাইয়ের মতো ছিল, ফল ভুগবে তৃণমূল: অর্জুন সিং appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GzTezZ
إرسال تعليق (0)
أحدث أقدم