কলকাতা: তিনি লাল-হলুদ জনতার স্বপ্নের ফেরিওয়ালা হয়ে সদ্য পা রেখেছেন এদেশে। ইস্টবেঙ্গল জনতার স্বপ্নকে বাস্তব রূপ দিয়ে হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে উঠতে পারবেন কী? সেটা সময় বলবে। তবে বিলেত থেকে ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য সম্পর্কে অবগত হয়েই যে ভারতে পা রেখেছেন তিনি, সেটা এসেই বুঝিয়ে দিলেন লিভারপুল কিংবদন্তি রবি ফাওলার।
ইস্টবেঙ্গল কোচ হওয়ার পর প্রথম ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি কতোটা হোমওয়ার্ক করে আসছেন। আর ভারতে পা দিয়ে ক্লাবের ম্যানেজমেন্টের উদ্দেশ্যে এমন একটি বার্তা দিলেন, যা হৃদয় ছুঁয়ে গেল সকলের। লাল-হলুদ জার্সি চাইলেই নাকি পাওয়া যাবে না, সেটা অর্জন করতে হবে। তাই ইস্টবেঙ্গল ফুটবলারদের প্র্যাকটিস জার্সিতে যেন লাল-হলুদের ছোঁয়া না থাকে। অনুশীলনে নিজেদের প্রমাণ করে তবেই লাল-হলুদ জার্সি অর্থাৎ ম্যাচ জার্সি অর্জন করতে হবে ফুটবলারদের। ম্যানেজমেন্টকে এমনই কড়া বার্তা দিলেন জেজেদের হেডস্যার।
অর্থাৎ, স্বল্প সময়েই যে লিভারপুল কিংবদন্তি লাল-হলুদ রঙের মাহাত্ম্য বুঝে গিয়েছেন, সেটা তাঁর এই বার্তাতেই স্পষ্ট। এছাড়া রবি ফাওলার চাইছেন লিভারপুল অ্যাকাডেমির সঙ্গে ইস্টবেঙ্গল অ্যাকাডেমির একটি গাঁটছড়া বাঁধতে। একেবারে প্রাথমিক পর্যায়ে লাল-হলুদ হেডস্যারের নিতান্ত ইচ্ছে এটা। পরবর্তীতে এব্যাপারে কথা পাকলে সেটা যে ইস্টবেঙ্গল তথা এদেশের ফুটবল প্রতিভাদের জন্য একটা দিগন্ত খুলে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে আপাতত আইএসএলেই চোখ ইস্টবেঙ্গলের নতুন গ্যাফারের। সহকারীদের নিয়ে শুক্রবারই গোয়ার হিলটন রিসর্টের জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়েছেন রবি ফাওলার।
১৪ দিনের কোয়ারেন্টাইনের পর তবেই অনুশীলনে নামতে পারবেন ফাওলার, গ্র্যান্ট, রেনেডিরা। জানা গিয়েছে, গোয়ার হোটেলে বসেই শনিবার লিভারপুল ডার্বি উপভোগ করেছেন ইংল্যান্ডের ক্লাবের প্রাক্তন কিংবদন্তি। এদিন সন্ধ্যাতেই ইস্টবেঙ্গলের পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হল জোড়া বিদেশি ফুটবলার অ্যান্থনি পিলকিংটন এবং অ্যারন হলওয়ের নাম। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নতুন ক্লাবে যোগদানের বিষয়টি পোস্ট করেছেন নরউইচ সিটির প্রাক্তনী পিলকিংটন। ইনস্টা স্টোরিতে তাঁকে নিয়ে তৈরি লাল-হলুদ ফ্যান ক্লাবগুলোর একাধিক ওয়েলকাম পোস্ট শেয়ার করেছেন হলওয়েও।
রবিবার দেশীয় স্কোয়াডও অফিসিয়ালি ঘোষণা হয়ে যাওয়ার কথা। পাশাপাশি বাকি বিদেশিদের নাম ঘোষণার বিষয়টি তো আছেই। সবমিলিয়ে স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গলে এখন সাজো-সাজো রব।
The post নিজেকে প্রমাণ করে ফুটবলারদের অর্জন করতে হবে লাল-হলুদ জার্সি, জানিয়ে দিলেন ফাওলার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2H0GTpf