সভাপতি পদে ইস্তফা দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন সৌমিত্র খাঁ

কলকাতা: ফের বিজেপির অন্তর্দ্বন্দ প্রকাশ্যে। দিলীপ ঘোষের সিদ্ধান্তের পরই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিলেন সৌমিত্র খাঁ। আর তা নিয়ে ব্যাপক জল্পনা রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন বলে জানিয়ে দিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

যুব মোর্চার শীর্ষ পদে যাঁরা ছিলেন, তাঁদের নিয়েই তৈরি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ। যার নাম ‘বিজেওআইএম ওয়েস্টবেঙ্গল অফিসিয়াল’। শনিবার সকাল ৯টা ৪ মিনিট নাগাদ ওই গ্রুপে সৌমিত্র লেখেন, ‘শুভ মহাষ্টমী। সকলে ভাল থাকবেন। আপনাদের খুবই সহযোগিতা পেয়েছি। আমি চাই বিজেপিকে সরকারে আনতেই হবে। তাই হয়ত আমার অনেক ভুল ছিল যাতে দলের ক্ষতি হচ্ছিল। তাই আমি ইস্তফা দেব আর সকলে ভাল থাকবেন। যুব মোর্চা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ’।

তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে দলে বড় পদ পেয়েছিলেন সৌমিত্র খাঁ। তাঁকে রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি করা হয়েছিল। আগামী বছরেই রাজ্যে বিধনসভা নির্বাচন। তার আগে ডান-বাম সব দলই সংগঠন মজবুত করার কাজে কোমরবেঁধে মাঠে নেমে পড়েছেন।

জেলায়-জেলায় সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে একধিক কর্মসূচি নিচ্ছে সব দল। পিছিয়ে নেই বিজেপিও। জেলায়-জেলায় দলের যুব মোর্চার নতুন কমিটি তৈরি করেছিলেন সংগঠনের সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ। তবে সেই কমিটি নিয়ে আগাগোড়াই একাধিক জেলায় মতানৈক্য তৈরি হয়েছিল।

এমনকী বেশ কয়েকটি জেলা থেকে যুব মোর্চার নতুন কমিটি নিয়ে অসন্তোষের খবর পৌঁছোয় দলের রাজ্য নেতৃত্বের কাছেও। অনেক ক্ষেত্রেই যুব মোর্চার নতুন কমিটিতে সক্রিয় কর্মীরা জায়গা পাননি বলেও অভিযোগ ওঠে। সেই অভিযোগ কানে গিয়েছিল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও।

শেষমেশ পরিস্থিতি পর্যালোচনা করে সব জেলায় যুব মোর্চার কমিটি বতিল করে দিলেন বিজেপি রাজ্য সভপতি দিলীপ ঘোষ। অনিবার্য কারণবশত জেলায়-জেলায় তৈরি বিজেপি যুব মোর্চার কমিটি বতিলের ঘোষণা করেছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিষ্ণুপুরের সাংসদের এই ঘোষণা রাজ্য বিজেপির অন্দরে চলতে থাকা ডামাডোলকে আরও বাড়িয়ে দিয়েছে। দলের একটি অংশ সৌমিত্রের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন ঠিকই। তবে সেই অংশ নেহাতই সংখ্যালঘু। বিজেপিতে দিলীপের উল্টো শিবিরে অবস্থান করছেন, এমন নেতারাও সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন।

The post সভাপতি পদে ইস্তফা দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন সৌমিত্র খাঁ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35oBXTa
Post a Comment (0)
Previous Post Next Post