সরকার নিষ্ক্রিয় হওয়ায় জনস্বার্থে ক্যান্টিন বামেদের: সূর্যকান্ত মিশ্র

কলকাতা: মানুষের পাশে দাঁড়াতে সরকারের উচিত ছিল বাজার নিয়ন্ত্রণ করা। কিন্তু সরকার সে কাজ করছে না বলেই এখন মানুষের পাশে দাঁড়াতে বামেদের শ্রমজীবী ক্যান্টিন এবং শ্রমজীবী বাজার চালাতে হচ্ছে। এমন মন্তব্য করেছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি শুক্রবার পশ্চিম বেহালায় একটি শ্রমজীবী ক্যান্টিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বামপন্থী ছাত্র যুবরা যেভাবে এই কাজে এগিয়ে এসেছে তার জন্য তাদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

করোনা তথা লকডাউনের জেরে সংকটে পড়েছেন বহু মানুষ। অনেকেই রোজগার হারিয়েছেন। তাদের এই আর্থিক দুর্দশার সময় পাশে দাঁড়াতে বিভিন্ন জায়গায় বামেদের উদ্যোগে শ্রমজীবী বাজার ও শ্রমজীবী ক্যান্টিন চালু হয়েছে। ২৩ সেপ্টেম্বর থেকে বেহালা পশ্চিমে আর্য বিদ্যামন্দিরের কাছে শুরু করা হয় শ্রমজীবী ক্যান্টিন। বিশিষ্ট গীতিকার মোহিনী চৌধুরী স্মরণে এই ক্যান্টিন চালু করা হয়েছে। ২০ টাকার বিনিময় প্রায় ৩০০ জনকে প্রতিদিন রান্না করা খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগে চালু হলেও শুক্রবারে এই ক্যান্টিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সূর্যকান্ত মিশ্র।

সূর্যকান্ত মিশ্র এদিন অভিযোগ করেন, করোনা সংক্রমণ প্রতিরোধে যে কাজ করা উচিত ছিল তা কেন্দ্র এবং রাজ্য সরকার কেউ করেনি। উল্টে এই রোগে কত জনের মৃত্যু হয়েছে সেই তথ্য গোপন করতে দুই সরকার ব্যস্ত বলে তিনি অভিযোগ করেন। তিনি এদিন আশা প্রকাশ করেন, সংকটে পড়া মানুষের পাশে দাঁড়াতে যেভাবে বামপন্থীরা এগিয়ে এসেছেন তাতে সাধারণ মানুষ এবার বুঝতে পারবে কারা প্রকৃত বন্ধু। কারণ তৃণমূল এবং বিজেপিকে লকডাউনের সময় মানুষের পাশে দেখা যায়নি বলে তাঁর অভিমত।

শ্রমজীবী ক্যান্টিনটি চালানোর জন্য বহু ব্যক্তি অর্থ‌ সাহায্য করতে এগিয়ে এসেছেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এদিন ক্যান্টিন পরিচালনার জন্য এক লক্ষ ২০ হাজার টাকা সংগৃহীত হয়েছে তাদের দানে।

The post সরকার নিষ্ক্রিয় হওয়ায় জনস্বার্থে ক্যান্টিন বামেদের: সূর্যকান্ত মিশ্র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GfP6pf
إرسال تعليق (0)
أحدث أقدم