পুজোমণ্ডপ পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা, খতিয়ে দেখলেন সুরক্ষাবিধি

কলকাতা: শহরের কয়েকটি বড় পুজোমণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা৷ তাঁর সঙ্গে ছিলেন স্পেশাল কমিশনার জাভেদ শামিম৷ খতিয়ে দেখলেন সুরক্ষাবিধি৷

বৃহস্পতিবার প্রথমে দেশপ্রিয় পার্কের মণ্ডপ পরিদর্শন করেন সিপি। এর পর একে একে চেতলা অগ্রণী, নিউ আলিপুরের সুরুচি সংঘ, নাকতলা উদয়ন সংঘ, উত্তর কলকাতার কলেজ স্কোয়্যার,মধ্য কলকাতার মহম্মদ আলি পার্ক ঘুরে দেখেন পুলিশ কমিশনার অনুজ শর্মা৷

মণ্ডপের ঢোকা-বেরনোর গেট, দর্শনার্থীদের দাঁড়ানোর কী বন্দোবস্ত করা হয়েছে, তা খতিয়ে দেখেন পুলিশ কর্তারা৷ করোনা পরিস্থিতিতে কতটা সুরক্ষাবিধি রয়েছে,তাও খতিয়ে দেখেন তারা৷ পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে,প্রয়োজনীয় পরামর্শ দেন সিপি৷

এর আগে পুজো উদ্যোক্তাদের সঙ্গে থানার আধিকারিক থেকে শুরু করে ডিভিশনের পুলিশকর্তারা একাধিকবার বৈঠক করেছেন। ওই বৈঠকগুলিতে উদ্যোক্তাদের পরামর্শ দেওয়া হয়েছে, মণ্ডপের ভিতরে একসঙ্গে যাতে ১৫ থেকে ২০ জনের বেশি দর্শনার্থী না থাকেন। প্রবেশ ও প্রস্থান পথে আলাদা করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে ঠাকুর দেখার জন্য পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মণ্ডপে রাখতে হবে৷ মণ্ডপ স্যানিটাইজেশনের ব্যবস্থাও করতে বলা হয়েছে৷

পুলিশ কমিশনার জানিয়েছেন, এই বছরটি অন্যান্য বছরের থেকে আলাদা। এবার করোনা পরিস্থিতি মোকাবিলা করে সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করাটাই পুলিশ, পুজো উদ্যোক্তা ও সাধারণ মানুষ অথবা দর্শনার্থীদের কাছে বড় চ্যালেঞ্জ। মাস্ক ছাড়া কেউ ঠাকুর দেখতে আসলে,তাদেরকে মণ্ডপ থেকে পুজো উদ্যোক্তারাও মাস্ক বিতরণ করবেন৷ এমনটাই পুলিশকে কথা দিয়েছেন পুজো উদ্যোক্তারা৷

এছাড়া নির্দিষ্ট আচার অনুষ্ঠান, যেমন অঞ্জলি, সন্ধিপুজো, সিঁদুর খেলার মতো অনুষ্ঠান চলার সময় প্যান্ডেল প্রাঙ্গণে ১৫-২৫ জনকে একসাথে থাকার অনুমতি দেওয়া হবে বলে লালবাজার সূত্রে খবর৷

কলকাতা পুলিশ জানিয়েছে, পুজোর সময় অবশ্যই মেনে চলতে হবে করোনা বিধি। নির্দিষ্ট ব্যাচ করে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্যান্ডেলের সামনে জমায়েত করা যাবে না। কোনওভাবেই ভিড় বাড়ানো যাবে প্যান্ডেল চত্বরে।

The post পুজোমণ্ডপ পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা, খতিয়ে দেখলেন সুরক্ষাবিধি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31chekl
إرسال تعليق (0)
أحدث أقدم