‘গণতান্ত্রিক পরিবেশ না থাকলে রাষ্ট্রপতি শাসন’, দিলীপের মন্তব্যে জল্পনা

কলকাতা: ‘রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ না থাকলে ৩৫৬ ধারা জারির পরিস্থিতি আসবে। পরিস্থিতির উপর নির্ভর করে রাষ্ট্রপতি শাসন।’ বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্য ঘিরে জল্পনা বাড়ছে। বৃহস্পতিবারই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

আইনশৃঙ্খলা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে দুষে একগুচ্ছ নালিশ জানিয়েছেন ধনকড়। ঠিক তার পরেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন নিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্যে জল্পনা বাড়ছে।

বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে করোনাকালে এরাজ্যেও নির্বাচনী উত্তাপ ততই বাড়ছে। শাসক-বিরোধী সব পক্ষই একে অপরকে টেক্কা দিতে কোনও ফাঁক রাখতে চাইছে না। রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে ‘গেল গেল’ রব তুলে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে প্রচারে ঝড় তুলতে মরিয়া গেরুয়া শিবির। বিজেপির অভিযোগকে ঢাল করে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

ওই দিনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘নীতিগতভাবে বিজেপি রাজ্যে ৩৫৬ ধারা জারির পক্ষে নয়। তবে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ না থাকলে ৩৫৬ ধারা জারির পরিস্থিতি আসবে। পরিস্থিতির উপর নির্ভর করে রাষ্ট্রপতি শাসন।’’

এরই পাশাপাশি আগামী বছরের বিধানসভা ভোট যাতে অবাধ ও শান্তিপূর্ণভাবে হতে পারে সেব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছেও আবেদন করেছেন দিলীপ ঘোষ।

বৃহস্পতিবারই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে দিল্লিতে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছেন ধনকড়। পরে সাংবাদিক বৈঠকেও রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলে একের পর এক আক্রমণ শানিয়েছেন ধনকড়। তিনি বলেন, ‘‘বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। রাজনৈতিক হিংসা বাড়ছে। রাজনৈতিক হিংসার জেরে অক্টোবরে তিন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে।’’

রাজ্য প্রশাসনকে দুষে ধনকড় আরও বলেন, ‘‘সব জেনেও প্রশাসন ঘুমিয়ে রয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে প্রশাসনকে চিঠি লিখলেও উত্তর মেলেনি।’’ রাজ্য প্রশাসনের বেশ কয়েকটি শীর্ষ পদ নিয়েও এদিন কটাক্ষ করেছেন রাজ্যপাল।

এপ্রসঙ্গে তিনি বলেন, ‘‘রাজ্য পুলিশের ডিজি-র ওপরে রয়েছেন সুপার বস। সিকিউরিটি অ্যাডভাইসর, প্রিন্সিপাল সিকিউরিটি অ্যাডভাইসরদের আসল কাজটা যে কী তা কেউ জানেন না।’’

রাজ্য সরকারকে দুষে রাজ্যপালের এই আক্রমণের পরপরই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।

The post ‘গণতান্ত্রিক পরিবেশ না থাকলে রাষ্ট্রপতি শাসন’, দিলীপের মন্তব্যে জল্পনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34E4o08
إرسال تعليق (0)
أحدث أقدم