স্টাফ রিপোর্টার, কলকাতা: করোনায় আক্রান্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষও। তাঁকে শিলিগুড়ির মাটিগাড়ায় একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। তবে তাঁর পরিস্থিতি স্থিতিশীল বলেই নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে, মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের পরিবারের ৭ জনের শরীরে করোনার উপসর্গ থাকায় এর আগে তাঁর দু-বার লালারস পরীক্ষা করানো হয়েছিল। দু’বারই রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিন সকালে দোতলার ঘর থেকে নামার সময় সিঁড়িতে চোট পান তিনি। সম্প্রতি তাঁর রক্তে শর্করা বেড়েছিল। ক্রিয়েটিনিনের মাত্রাও বেশি ছিল। যার জেরে শিলিগুড়িতে চিকিৎসকের কাছে চেকআপে যাওয়ার কথা ছিল। তার মধ্যেই সকালে সিঁড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে চোট পাওয়ায় দ্রুত চিকিৎসকের কাছে যেতে ব্যবস্থা নেন পরিবারের লোকেরা।
শিলিগুড়ির এক চিকিৎসকের সঙ্গেও প্রশাসনের তরফে ফোন করে যোগাযোগ করা হয়। শনিবার সিটি স্ক্যানে চিকিৎসকরা বুকে সংক্রমণের আভাস পেয়ে ফের তাঁর লালারসের নমুনা পরীক্ষা করান। তাতে রিপোর্ট পজ়িটিভ মিলেছে বলে জানা গিয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর সফরে প্রশাসনিক বৈঠকে থাকতে পারেননি রবীন্দ্রনাথ ঘোষ।
কয়েক মাস আগে হৃদরোগে আক্রান্ত হন মন্ত্রী। সেসময় এয়ার অ্যাম্বুল্যান্সে তাঁকে চিকিৎসার জন্য কলকাতা নিয়ে যাওয়া হয়েছিল। বেশ কিছু চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে জেলায় ফেরেন। এরপর বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি, সাংগঠনিক কাজেও নেমে পড়েন।
এদিকে, বৃহস্পতিবারই করোনা আক্রান্ত হয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রাজ্যের পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়।
উল্লেখ্য, তৃণমূলের করোনায় আক্রান্ত মন্ত্রী-বিধায়কের তালিকাটা দীর্ঘই। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এর আগে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন। তৃণমূলের প্রবীণ নেতা, হাওড়া শিবপুর কেন্দ্রের বিধায়ক জটু লাহিড়িও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখন তিনি সুস্থ। রাজ্যের আর এক মন্ত্রী শুভেন্দু অধিকারীও করোনা সংক্রমণের শিকার। আক্রান্ত হয়েছিলেন খলিলুর রহমানও।
করোনা আক্রান্ত হয়েছিলেন উত্তরবঙ্গের আর এক মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ। এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা। এদিকে, বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তৃণমূল বিধায়ক গুরুপদ মেটে ।
The post করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lbLKlU