স্টাফ রিপোর্টার, কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে যুবরাই বিজেপির টার্গেট। তাই অমিত শাহর নির্দেশে নতুন কর্মসূচি নিল বঙ্গ বিজেপি।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত টানা কর্মসূচি পালন করবে যুব মোর্চা। এছাড়াও, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিরাট যুব সমাবেশের আয়োজন করা হচ্ছে। নাম দেওয়া হচ্ছে স্বামীজি থেকে নেতাজি যুব যোদ্ধা সমাবেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ওই সমাবেশে আমন্ত্রণ জানানো হবে।
এছাড়া, ভোটার তালিকায় তাঁদের নাম উঠল কি না, তাঁদের সুবিধা অসুবিধার কথা জানবে বিজেপির যুব সংগঠন। নতুন ভোটাররাই হবে বিজেপির লক্ষ্য। ঠিক হয়েছে, যুব মোর্চা বুথ পিছু ১১ জন যুব সদস্য সংগ্রহ করবে এবং ২০২১-এ যাঁরা নতুন ভোটার হবেন, সেই তরুণ-তরুণীদের মধ্যে সংগঠন গড়ে তুলবে।
শনিবার যুব মোর্চার রাজ্য নেতাদের নিয়ে বৈঠকে আগামী কর্মসূচি ও রণকৌশল ও প্রচারের রূপরেখা ঠিক হয়। বৈঠকে ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা, রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ, সহ-সভাপতি শঙ্কুদেব পাণ্ডা প্রমুখ।
উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের ময়দানে বিজেপিকে টক্কর দিতে আগেই ডিজিটাল ক্যাম্পেন শুরু করেছে তৃণমূল কংগ্রেস। বাংলার যুবশক্তি নাম দিয়ে এই ডিজিটাল ক্যাম্পেন। তৃণমূলের যুব সংগঠন রাজ্যে ছাত্র যুবদের উজ্জিবীত করতেই এই ক্যাম্পেন লঞ্চ করেছে বলে সূত্রের খবর। যুব সংগঠনকে শক্তিশালী করতে নজর দেওয়া হচ্ছে ১৮ থেকে ১৩ বছর পর্যন্ত বয়সীদের টার্গেট করা হয়েছে। যদিও বিজেপির দাবি, তৃণমূলের এই ক্যাম্পেন পুরোপুরি ‘ফ্লপ’।
The post টার্গেট যুবরা: একুশের আগে নয়া কর্মসূচি রাজ্য বিজেপির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3l9NSuB