থার্মাল স্ক্রিনিং-মাস্ক মাস্ট, লোকাল ট্রেন চালুর পরে ইতিবাচক চিত্র হাওড়া- খড়গপুর শাখায়

স্টাফ রিপোর্টার , হাওড়া : দীর্ঘ অপেক্ষার পরে ট্রেন চালুর প্রথম দিনেই বাগনান সহ দক্ষিণ – পূর্ব রেলের হাওড়া- খড়গপুর শাখার বিভিন্ন স্টেশনে ইতিবাচক চিত্র চোখে পড়েছে। রেলের তরফে থার্মাল স্ক্রিনিং করে যাত্রীদের ঢোকানো হচ্ছে স্টেশন চত্বরে। মাস্ক ছাড়া স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। মোতায়েন রয়েছে পর্যাপ্ত সিভিক পুলিশ। প্লাটফর্ম চত্বরেও অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি, বাগনান স্টেশনে আগত যাত্রী, রেল কর্মচারী ও কর্তব্যরত পুলিশ কর্মীদের গোলাপ দিয়ে অভ্যর্থনা জানান বিজেপি কর্মীরা।

বুধবার থেকেই এ রাজ্যে সাধারণ যাত্রীবাহী লোকাল ট্রেন পরিষেবা পুনরায় শুরু হয়েছে। করোনা জেরে মার্চের শেষ দিক থেকে দীর্ঘদিন প্রায় সাড়ে সাত মাস বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা। ট্রেন বন্ধ থাকায় নিত্যযাত্রীদের মধ্যে দুর্ভোগ দিন দিন বাড়ছিল। বিভিন্ন স্টেশনে লোকাল ট্রেন চালানোর দাবিতে শুরু হয়েছিল বিক্ষোভ। দীর্ঘ টালবাহানা পর রাজ্য ও রেলের মধ্যে বৈঠকে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়।

করোনা আবহে প্রায় ৭ মাস বুধবার থেকে পশ্চিমবঙ্গে চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। বেলা বাড়তেই সামাজিক দূরত্ব বজায় রাখার কোনও বালাই নেই ট্রেনে। স্বাভাবিকভাবে আগামীদিনে ট্রেনের সংখ্যা আরও বাড়াতে দাবি তুলেছেন যাত্রীরা। একমাত্র তা হলেই এই পরিস্থিতি থেকে রেহাই মিলতে পারে বলে দাবি প্রায় সকলেরই। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ট্রেনের সংখ্যা আরও বাড়াতে রেল কর্তৃপক্ষকে আবেদন জানিয়েছেন। তিনি বলেন, ‘‌ট্রেন বাড়লে এতটা ভিড় থাকবে না। তাতে করোনা সংক্রমণ কিছুটি হলেও কম ছড়াবে।’‌ জানা গিয়েছে, ট্রেনের সংখ্যা বাড়ানো নিয়ে আজ, বৃহস্পতিবার রেলের সঙ্গে বৈঠকে বসছে রাজ্য সরকার।

বুধবার প্রথমদিন মোট ৬৯৬টি ট্রেন চালানো হয়েছে। রেল জানিয়েছে, তার মধ্যে ৮৫ শতাংশ ট্রেনই চালানো হয়েছে অফিস টাইমের ভিড় সামলাতে। স্বাভাবিকভাবেই রেল পরিষেবা চালু হতে স্বস্তি ফিরেছে লাখ লাখ যাত্রীদের মনে। যাঁরা শহরবাসী, গ্রামবাসী থেকে শুরু করে প্রতিবেশী জেলা থেকে যাঁরা কলকাতা ও হাওড়ায় কর্মসূত্রে আসেন তাঁরা এখন অনেকটাই নিশ্চিন্ত। যদিও হকারদের এখন ট্রেনে ওঠার অনুমতি মেলেনি।

The post থার্মাল স্ক্রিনিং-মাস্ক মাস্ট, লোকাল ট্রেন চালুর পরে ইতিবাচক চিত্র হাওড়া- খড়গপুর শাখায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3eOnPHc
إرسال تعليق (0)
أحدث أقدم