বিধানসভা নির্বাচনে বিজেপির আমাকে প্রয়োজন হবে বলে মনে হয় না: বৈশাখী

স্টাফ রিপোর্টার, কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর বিজেপি-র হয়ে ময়দানে নেমে পড়ার তোড়জোড় শুরু হয়ে গেল কলকাতার প্রাক্তন মেয়র তথা বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায়ের শিবিরে। কিন্তু তাঁর ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিজে কতটা সক্রিয় হবেন সে বিষয়ে ধন্দ জিইয়ে রাখলেন তিনি নিজেই।

একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে বৈশাখী বলেছেন, “বিধানসভা নির্বাচনে বিজেপির আমাকে প্রয়োজন হবে বলে মনে হয় না। যদি হয়, তাহলে সেটা কিরকম প্রয়োজন দেখব। সম্মানের সঙ্গে যদি কাজ করতে পারি, তাহলে করব।”

বৃহস্পতিবার রাতে নিউটাউনের হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি-র শীর্ষনেতা অমিত শাহ বৈঠক করেন শোভন ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অমিতের সঙ্গে কথা বলে যে তাঁরা যে সন্তুষ্ট, সে কথা শোভন-বৈশাখী খোলাখুলিই জানিয়েছেন তাঁরা।

বৈশাখীর কথায়, “খুব ইতিবাচক বৈঠক হয়েছে। অমিতজির মতো এমন ধৈর্যশীল নেতা জীবনে খুব কম দেখেছি। আমাদের প্রত্যেকটা কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন। তার ভিত্তিতে যথেষ্ট গুরুত্ব সহকারে পরবর্তী কর্মপন্থাও স্থির করে দিয়েছেন।”

এক বছর হয়ে গিয়েছে শোভন-বৈশাখী বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু এত দিনেও দলের বহু বড় কর্মসূচিতে তাঁদের দেখা যাইনি। কিছুদিন আগে পর্যন্ত যেভাবে নরেন্দ্র মোদী, অমিত, জেপি নাড্ডাদের একাধিক কর্মসূচি এড়িয়ে গিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র, তাতে অমিত শাহর সঙ্গে তাঁদের এই নৈশ বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বিজেপি সূত্রে খবর, শোভন–বৈশাখীকে অমিতের সঙ্গে বৈঠকে বসাতে উদ্যোগী হয়েছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং কেন্দ্রীয় সম্পাদক তথা এই রাজ্যের সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন।

বৃহস্পতিবার রাতে শাহের সঙ্গে সাক্ষাতের পরে শোভন চট্টোপাধ্যায়ের ময়দানে নেমে পড়াটা সময়ের অপেক্ষা বলেই মনে করছে গেরুয়া শিবির। তবে তাঁর বান্ধবীকে ময়দানে কতটা দেখা যাবে, সে বিষয়ে সংশয় আছে বলে মনে করছেন গেরুয়া শিবিরের নেতারা।

The post বিধানসভা নির্বাচনে বিজেপির আমাকে প্রয়োজন হবে বলে মনে হয় না: বৈশাখী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lahUOQ
إرسال تعليق (0)
أحدث أقدم