কলকাতা: ১০০ দিনের কাজের নিরিখে সর্বাধিক শ্রমদিবস সৃষ্টি করে রাজ্যে তালিকায় শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা। চলতি আর্থিক বছরের ইতিমধ্যেই এই জেলাটি তিন কোটি শ্রমদিবস সৃষ্টি করেছে । যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি হওয়ায় বাকি জেলাগুলিকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে । পাশাপাশি এই জেলাটিতেই সবচেয়ে বেশি পরিবার ১০০ দিনের কাজ সম্পন্ন করতে পেরেছে।
এখনও পর্যন্ত এই জেলাতে ৩০ হাজারের বেশি পরিবার ১০০ দিনের কাজ সম্পন্ন করে ফেলেছে। পুজোর এক সপ্তাহ আগেই এই জেলায় ২ কোটি ৮৪ লক্ষের বেশি শ্রমদিবস সৃষ্টি করা হয়েছিল। গত কয়েক সপ্তাহে সেই সংখ্যা আরও কিছুটা বেড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সেপ্টেম্বরের শেষে অংকটা আড়াই কোটির কাছাকাছি পৌঁছে ছিল। ওই মাসেই ২১ হাজার ২০০টি পরিবার ১০০ দিনের কাজ শেষ করে ফেলেছিল।
২০১৯-২০ আর্থিক বছরের মোট ২ কোটি ৪৩ লক্ষ শ্রমদিবস সৃষ্টি হয়েছিল। এবার সেই লক্ষ্যমাত্রা পার করে নতুন রেকর্ড করে ফেলেছে বলে সূত্রের খবর। দেখা গিয়েছে উম-পুন পরবর্তী পরিস্থিতিতে শ্রমদিবস সৃষ্টি উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। তাছাড়া পরিবারপিছু অন্তত ৫০ শতাংশ সদস্যকে কাজ দিতে পেরেছে এই জেলাটি। যেটা অনেক জেলাই করে উঠতে পারেনি। এছাড়াও ১০০ দিনের কাজের অন্যান্য বিভাগেও যথেষ্ট ভালো কাজ হয়েছে এই জেলাতে।
অন্যান্য জেলার মধ্যে হুগলিতে আড়াই কোটির মতো শ্রমদিবস সৃষ্টি করা হয়েছে। তারপরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর, সেখানেও ২ কোটির বেশি শ্রমদিবস সৃষ্টি হয়েছে। হুগলি ও পশ্চিম মেদিনীপুর দুটি জেলাতে যথাক্রমে ২০ হাজার এবং ২২ হাজারের বেশি পরিবার ১০০ দিনের কাজ শেষ করেছে।
তাছাড়া, দক্ষিণ ২৪ পরগনায় সাড়ে পাঁচ লাখের বেশি পরিবারকে এই ১০০ দিনের কাজে নিযুক্ত করা হয়েছে যেখানে গত বছরে এই সংখ্যাটি ছিল সাড়ে তিন লক্ষ। এই ক্ষেত্রে অবশ্য শীর্ষে রয়েছে পূর্ব বর্ধমান জেলা। সেখানে অবশ্য সাড়ে ৬ লক্ষের বেশি পরিবার কাজ পেয়েছে। তারপরের স্থানে রয়েছে হুগলি সেখানেও ৬ লক্ষের বেশি পরিবারকে কাজ দিয়েছে।
The post ১০০ দিনের কাজে শ্রমদিবস সৃষ্টিতে শীর্ষে দক্ষিণ ২৪ পরগণা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Iok3bT