নয়াদিল্লি : টাটা স্টিলের কর্মীদের একটা বড় অংশ এখন থেকে ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিতেই কাজ করবে। সোমবার অর্থাৎ দোসরা নভেম্বর এক সার্কুলার জারি করে এই তথ্য জানিয়েছে টাটা স্টিল।
সংস্থার নেওয়া নতুন পলিসিতে জানানো হয়েছে টাটা স্টিলের কর্মীদের বেশিরভাগই এবার থেকে ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিতে কাজ করবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও এই পদ্ধতিতেই কাজ করতে চাইছে টাটা স্টিল বলে সূত্রের খবর।
এই স্টিল প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে এই মাস থেকেই নতুন পলিসিতে কাজ করা শুরু করছেন তাঁদের কর্মীরা। ‘Agile Working Models’ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এমনকি যেসব উচ্চপদস্থ কর্মীরা নির্দিষ্ট লোকেশনে কাজ করতেন, তাঁরা বছরভর অনির্দিষ্টকালীন সময় ধরে ওয়ার্ক ফ্রম হোম করতে পারেন বলে জানিয়েছে সংস্থা।
টাটা স্টিলের এইচ আর ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট সুরেশ দত্ ত্রিপাঠি জানিয়েছেন এই পলিসি কর্মীদের প্রতি সংস্থার বিশ্বাস বাড়াবে। কর্মীরাও সংস্থার জন্য দায়বদ্ধ থেকে নিজের সেরাটা দিয়ে কাজ করবেন। ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ারসের জন্য কর্মীদের কাজ করতেও সুবিধা হবে বলে মনে করছে সংস্থা।
সংস্থার দাবি, বাড়িতে থেকে কাজ করলে কোনও কর্মী পরিবারকে যেমন সময় দিতে পারবে, তেমনি নিজের কর্মজগতকেও উপভোগ করতে পারবে। তেমনই ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে সংস্থার নিজের খরচও বাঁচছে। কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের জেরে দিল্লির কনট প্লেসের সেলস অফিস ছেড়ে দিয়েছে টাটা স্টিল।
শুধু তাই নয়, নয়াদিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, নাগপুর ও ইন্দোরের অফিসও খালি করে দেওয়া হচ্ছে বলে খবর। যেসব প্রজেক্টের কর্মীদের অফিসে আসতেই হচ্ছে, তাঁরা ৫০ শতাংশ হিসেবে প্রতিদিন আসছেন।
এর আগে, টাটা কনসালটেন্সি সার্ভিসও ওয়ার্ক ফ্রম হোমের পক্ষে সওয়াল করে জানায়, ৯৯ শতাংশ কর্মীদের বাড়ি থেকেই কাজ করাতে চায় তারা। অফিসে রেখে সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব নয়, এই দাবিতে ওয়ার্ক ফ্রম হোমের মেয়াদ বাড়াতে পারে কোম্পানিটি। এইচসিএল, টেক মাহিন্দ্রা চাইছে অন্তত ২০ শতাংশ কর্মী অফিসে ফিরে কাজ করুন। ডিসেম্বরের মধ্যেই এই নিয়ম জারি করতে চাইছেন তাঁরা। রোটেশনাল পদ্ধতিতে কর্মীদের অফিসে এনে কাজ করানোর পদ্ধতি শুরু করতে চলেছে এই দুটি কোম্পানি। সেক্ষেত্রে প্রতিটি রোটেশনে ২০ শতাংশ করে কর্মী অফিসে মজুত থাকবেন বলে জানানো হয়েছে।
The post করোনা পরিস্থিতির পরেও ওয়ার্ক ফ্রম হোম চালাবে টাটা স্টিল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3kTYzBk