স্টাফ রিপোর্টার, কলকাতা: শুক্রবার দলের আইটি সেলের প্রধান অমিত মালব্যকে বঙ্গ বিজেপি-র সহ-পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মালব্যর এই দায়িত্ব পাওয়ার পরই তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে তাঁর তুলনা করছেন অনেকেই। এই তুলনায় স্বাভাবিকভাবেই মালব্যকে এগিয়ে রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেইসঙ্গে পিকে’কে ‘ভাড়াটে সৈনিক’ বলে কটাক্ষ করলেন তিনি।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা তাঁর নির্দেশে জানিয়েছেন, বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে সহ-পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন মালব্য এবং অরবিন্দ মেনন। একুশের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার কলকাতায় বঙ্গ বিজেপির বৈঠকেও মালব্য ছিলেন।
এদিন প্রশান্ত কিশোর সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, “পিকে কি বাংলার সব জেনে গিয়েছেন? পয়সা নিয়ে বাংলায় কাজ করছেন। আমাদের কর্মীরা রক্ত জল করে নিজের পার্টির কাজ করছেন। ভাড়াটিয়া সৈন্য দিয়ে আমরা নির্বাচন জিতি না।”
পালটা জবাবে অমিত মালব্যর বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সৌগত রায় সংবাদমাধ্যমকে বলেন, “গণতান্ত্রিক রাজনীতিতে তাদেরই গুরুত্ব দিতে হয় যাঁরা গণতান্ত্রিক রাজনীতির কষ্টিপাথরে উত্তীর্ণ। অমিত মালব্য তো জীবনে নির্বাচনে দাঁড়াননি, জীবনে জেতেননি। তারা গোপন প্রকোষ্ঠে বসে কী করবেন তা নিয়ে কেন আমরা মাথা ঘামাবো?”
উল্লেখ্য, ২০১১ সালে গুজরাতে মোদীর প্রচার-কৌশল রচনা করেন প্রশান্ত। সেইবার গুজরাতে সরকার বিরোধী হাওয়া থাকা সত্ত্বেও মোদীই ফের মুখ্যমন্ত্রী হন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছে প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাক। সেই ভোটেই প্রথম নরেন্দ্র মোদীর কেন্দ্রে ক্ষমতায় আসা। এরপর ২০১৫ সালে বিহার বিধানসভা নির্বাচনে নীতিশ কুমার-লালুপ্রসাদ যাদব জোটের হয়ে নির্বাচনের প্রচারে ছিলেন প্রশান্ত কিশোর। প্রবল মোদী হাওয়ার মধ্যে ‘ঘর ঘর দস্তক’ স্লোগানের পালে ভর করে নীতিশ কুমার ও লালু প্রসাদের জোটকে জিতিয়ে এনেছিলেন প্রশান্ত কিশোর। যদিও সেই নীতিশই পরে লালুর হাত ছেড়ে বিজেপির সঙ্গী হন। ২০১৭-তে কংগ্রেসের হয়ে কাজ করার সময় দলকে উত্তরপ্রদেশে ভাল ফল করে দিতে পারেননি প্রশান্ত কিশোর। ব্যর্থতা বলতে এটুকুই।
২০১৯ লোকসভা নির্বাচনের সময়েই অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন হয়। সেই সময় জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের নির্বাচনী প্রচারের স্ট্র্যাটেজি তৈরি করেছিল প্রশান্ত কিশোরের সংস্থা। লোকসভা নির্বাচনে অন্ধ্রের ২৫টি আসনের মধ্যে সবক’টিতে এবং বিধানসভায় ১৭৫ টি কেন্দ্রের মধ্যে ১৫১ টিতে জয়লাভ করেছে জগনের দল।
লোকসভা নির্বাচনের ভরাডুবির পর প্রশান্ত কিশোরের সংস্থার সঙ্গে গাঁটছড়া বাধে তৃণমূল। এখনও বড় পরীক্ষা না হলেও পশ্চিমবঙ্গের উপনির্বাচনগুলির ফলাফলে তৃণমূলের সাফল্যের মধ্যে ঠিকরে বেরোচ্ছে প্রশান্ত ম্যাজিক।
The post ১৪’য় মোদীর ভোট কৌশলী প্রশান্ত কিশোরকেই ‘ভাড়াটে সৈনিক’ বলে কটাক্ষ দিলীপের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3nBETU6