বিরসা মুন্ডাকে নিয়ে অব্যাহত শাসক-বিরোধী দড়ি টানাটানি

তিমিরকান্তি পতি, বাঁকুড়া : বিজেপির সর্বভারতীয় প্রাক্তন সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্ বাঁকুড়া সফর সেরে ফিরে যাওয়ার পর থেকে শুরু হওয়া বিরসা মুণ্ডা মূর্তি বিতর্ক অব্যাহত।

গেরুয়া ও ঘাস ফুল এই দুই রাজনৈতিক শিবিরের দড়ি টানাটানির মধ্যেই জেলার বৃহত্তম বিরসা মুণ্ডার মূর্তি তৈরীর প্রাথমিক কাজ শুরু করলো তৃণমূল।

বাঁকুড়া শহর সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে সোমবার পুয়াবাগানে জমি চিহ্নিতকরণের পাশাপাশি নারকেল ফাটিয়ে এই কাজের সূচনা করলো শাসক দল। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা, জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্ম্মু, দুই আদিবাসী বিধায়ক জ্যোৎস্না মাণ্ডি, বীরেন্দ্রনাথ টুডু প্রমুখ।

জেলা তৃণমূল সূত্রে দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্ গত ৫ নভেম্বর জেলা সফরে এসে পুয়াবাগান মোড়ে বিরসা মুণ্ডা ভেবে এক আদিবাসী শিকারীর মূর্তিতে মালা দিয়েছেন। পরবর্তী সময়ে ঐ মূর্তিকে বিরসা মুণ্ডার মূর্তি বলে চালানোর চেষ্টা করছেন তাঁরা। আর এই ঘটনায় আদিবাসী সমাজের ‘ভগবান’ বিরসা মুণ্ডাকে ‘অপমান’ করা হয়েছে। তারই প্রতিবাদে ঐ পুয়াবাগানেই আদিবাসী সমাজের মানুষের তরফে জেলার বৃহত্তম বিরসা মুণ্ডার মূর্তি তৈরি করা হবে বলে জানানো হয়েছে।

ভারতীয় আদিবাসী ভূমি কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য ধনঞ্জয় সর্দার বলেন, যে মূর্তিকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তা বিরসা মুণ্ডার মূর্তি নয়। আর এই বিষয়ে যে রাজনীতি হচ্ছে তা আদিবাসী সমাজ ভালো চোখে দেখছে না। বিরসা মুণ্ডার সংগ্রামী জীবন সমগ্র ভারতবাসীর সামনে তুলে ধরতে কেন্দ্র ও রাজ্য সরকারকে সদর্থক ভূমিকা গ্রহণের দাবিও তিনি জানান।

উপস্থিত তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা বিরসা মুণ্ডাকে নিয়ে বিজেপি ‘ঘৃণ্য রাজনীতি’ করছে দাবি করে বলেন, “জেলার বৃহত্তম মূর্তি তৈরি করবেন আদিবাসী ভাই বোনেরা। বাঁকুড়ার অন্যতম প্রবেশ পথ হিসেবে পরিচিত পুয়াবাগানে প্রস্তাবিত বিরসা মুণ্ডার মূর্তিকে ‘বিজেপির ভেকধারী’ নেতাদের প্রণাম করে জেলায় ঢুকতে হবে। আদিবাসী সমাজের মানুষ নিজেরাই শ্রম ও অর্থ দিয়ে এই মূর্তি তৈরি করবেন ও পুরো বিষয়টি ওনারাই দেখছেন” বলে তিনি জানান।

বিরসা মুণ্ডার মূর্তি বিতর্ক ও মূর্তি স্থাপন নিয়ে মুখ খুলেছে বিজেপিও। দলের সাংসদ ডাঃ সুভাষ সরকার বলেন, তৃণমূলের দীর্ঘ সাড়ে ন’বছরের আদিবাসী সমাজের প্রতি বঞ্চনার ‘পাপের প্রায়শ্চিত্ত’ করছে এই মূর্তি স্থাপন করে। এক ভগবানকে অপমান করে আরেক ভগবানের মূর্তি স্থাপন! এভাবে হয়না। যারা এদিন উপস্থিত ছিলেন তাঁদের একটা বড় অংশ অ-আদিবাসী সমাজের দাবি করে তিনি আরও বলেন, “আদিবাসীদের ভগবানকে নিয়ে রাজনীতি করছে। পুরো বিষয়টি চরম লজ্জার। আগামী ২০২১ এর বিধানসভা ভোটে আদিবাসী সমাজ এর যোগ্য জবাব দেবেন।”

The post বিরসা মুন্ডাকে নিয়ে অব্যাহত শাসক-বিরোধী দড়ি টানাটানি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UCiQzO
إرسال تعليق (0)
أحدث أقدم