স্টাফ রিপোর্টার, মালদহ : খোদ জেলা প্রশাসনিক ভবনের সামনে টাকার বিনিময়ে আধার কার্ড পাইয়ে দেওয়ার অভিযোগে একজনকে আটক করল পুলিশ । শুক্রবার জেলা প্রশাসনের এক পদস্থ কর্তা ফাঁদ পেতেই আধার কার্ড জালিয়াতি চক্রের ঘটনায় অভিযোগে ওই ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ ও প্রশাসনের কর্তাদের সামনে অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন ৪০০ টাকার বিনিময়ে আধার কার্ড পাইয়ে দেওয়ার কাজ করছিলো সে। টাকার বিনিময়ে আধার কার্ড তৈরির অভিযোগ জানতে পেরে ময়দানে নামে সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো।
এরপর ওই ব্যক্তিকে এদিন হাতেনাতে ধরে ফেলে পুলিশ ও প্রশাসনের কর্তারা। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে যায় ইংরেজবাজার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম রতন সিং । তার বাড়ি পুরাতন মালদহ থানার মঙ্গলবাড়ী এলাকায় । মালদহ জেলা প্রশাসনিক ভবনের সামনে রয়েছে আধার কার্ড সংশোধন কেন্দ্র। প্রতিদিনই এখানে আধার কার্ড সংশোধন করতে অসংখ্য মানুষ ভিড় করেন। আর কিছুদিন ধরেই সেখানে টাকার বিনিময় আধার কার্ড তৈরি করে দেওয়ার একটি চক্র সক্রিয় হয়ে উঠেছিল বলে অভিযোগ।
সেই অভিযোগের কথা জানতে পেরে সদর মহকুমা শাসকের নেতৃত্বে ফাঁদ পাতা হয়। এরপরই সেখান থেকে অভিযুক্ত ওই ব্যক্তিকে টাকার বিনিময় আধার কার্ড তৈরি অভিযোগে আটক করা হয়।
এদিন আটক হওয়া অভিযুক্ত ব্যক্তি রতন সিং অবশ্য নিজের দোষ স্বীকার করেছেন । ৪০০ টাকার বিনিময় এক উপভোক্তার আধার কার্ড সংশোধন তিনি করার দায়িত্ব নিয়েছিলেন বলে জানিয়েছেন । তবে এইধরনের ভুল ভবিষ্যতে আর করবেন না বলেও অভিযুক্ত ব্যক্তি ক্যামেরার সামনে জানান। কিন্তু পুলিশ এব্যাপারে নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করেছে বলে জানা গিয়েছে।
মালদহের সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো জানিয়েছেন, সম্পূর্ণ বিনামূল্যে সরকারি পরিষেবায় আধার কার্ড সংশোধনের কাজ জেলা প্রশাসন ভবনের সামনে একটি কেন্দ্র থেকে করা হচ্ছে। প্রতিদিন এখানে প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আধার কার্ড সংশোধন করতে আসছেন। কিন্তু এরই মধ্যে টাকার বিনিময় আধার কার্ড পাইয়ে দেওয়ার যে চক্র সক্রিয় হয়ে উঠেছিল, সেই অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করা হয়। এরপর ফাঁদ পেতেই একজনকে এই ঘটনায় আটক করা হয়েছে। পাশাপাশি আধার কার্ড তৈরি করার বিনিময়ে টাকা নেওয়ার ঘটনায় আর কারা যুক্ত রয়েছে সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
The post ফাঁস আধার কার্ড জালিয়াতি চক্র, পুলিশের জালে ১ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/36FXR4O