করোনার কোপে এবার ইরফান

ভদোদরা: সদ্য শেষ হওয়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ভারতীয় লেজেন্ডস দলের আরও এক ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন সোমবার। সচিন, ইউসুফ, বদ্রীনাথের পর দলের চতুর্থ সদস্য হিসেবে করোনা আক্রান্ত হলেন ইরফান পাঠান। ভারতের জার্সি গায়ে টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তথা জাতীয় দলের প্রাক্তন তারকা অল-রাউন্ডার সোশ্যাল মিডিয়ায় এদিন তাঁর করোনা আক্রান্তের কথা জানান।

শরীরে কোনও উপসর্গ নেই তবে নিয়ম মেনে নিজেকে আইসোলেশনে রেখেছেন ইরফান। টুইটে ইরফান লিখেছেন, ‘কোনওরকম উপসর্গ ছাড়াই আমি কোভিড১৯-এ আক্রান্ত হয়েছি। বাড়িতেই নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি। সাম্প্রতিক অতীতে যারা আমার সংস্পর্শে এসেছো আমি তাদের অনুরোধ করব দয়া করে একবার পরীক্ষা করিয়ে নিতে।’ উল্লেখ্য, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের জৈব বলয় ছেড়ে বেরনোর পর ইরফান হলেন চতুর্থ ক্রিকেটার, যিনি করোনা আক্রান্ত হলেন।

এর আগে গত ২৭ মার্চ একইদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন সচিন তেন্ডুলকর এবং ইরফানের দাদা ইউসুফ পাঠান। এরপর রবিবার সুব্রহ্মনিয়াম বদ্রীনাথের করোনা আক্রান্ত হওয়ার খবর আসে। লাগাতার ক্রিকেটারদের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা টুর্নামেন্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ইতিমধ্যেই। সারা দেশে অতিমারী করোনার বাড়বাড়ন্তের মধ্যেও রায়পুরে দর্শক ঠাসা স্টেডিয়ামে কেন রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ম্যাচ আয়োজন হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

গত ২৭ মার্চ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন মাস্টার-ব্লাস্টার। তাঁর শরীরে মৃদু উপসর্গ ছিল বলেও জানিয়েছিলেন সচিন। এরপর ওইদিনই সন্ধেয় ইউসুফ পাঠান টুইট করে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর জানান অনুরাগীদের। উল্লেখ্য গত মরশুমে ৪টি ম্যাচের পর কোভিডের কারণে স্থগিত হয়ে গিয়েছিল রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। চলতি বছর গতবছরের অসমাপ্ত টুর্নামেন্টই পূর্ণতা পায়। যদিও অস্ট্রেলিয়ান লেজেন্ডসদের পরিবর্তে চলতি বছরে টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ লেজেন্ডস।

শ্রীলঙ্কা লেজেন্ডদের ১৪ রানে হারিয়ে রড সেফটি ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়ন হয় ভারতীয় লেজেন্ডস দল। ২১ মার্চ ফাইনালে প্রথমে ব্যাটিং করে যুবরাজ-ইউসুফের ঝোড়ো ব্যাটে স্কোরবোর্ডে ১৮১ রান তোলে ভারতের লেজেন্ডরা। জবাবে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৬৭ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা লেজেন্ডস।

The post করোনার কোপে এবার ইরফান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ryu4Uh
Post a Comment (0)
Previous Post Next Post