কলকাতা: রাজ্যের করোনা-গ্রাফ নিম্নমুখী। একটানা বেশ কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণ বেড়ে চললেও সোমবার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী ক্ষণিকের স্বস্তি। একদিনে রাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৩৯ জন। একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে মাত্র ১ জনের। সপ্তাহ শেষে ছুটির দিন থাকায় পরীক্ষা হয়নি। তারই জেরে এক ধাক্কায় রাজ্যে টিকাকরণের হারও কমে গিয়েছে ৯০ শতাংশেরও বেশি। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, টেস্ট কম হয়েছে বলেই গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ কমেছে বলে মনে হচ্ছে। যদিও সংক্রমণের হার ৩.১২ শতাংশ থেকে বেড়ে হল ৩.৫৩ শতাংশ।
ভোটের বাংলায় সংক্রমণ নতুন করে উদ্বেগ বাড়াচ্ছিল। গত এক সপ্তাহ ধরে রাজ্যে দৈনিক সংক্রমণ রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। তবে সোমবার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্যে মিলেছে স্বস্তি। একদিনে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৩৯ জন। রবিবারও রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল ৮২৭। সোমবার তা কমে হল ৬৩৯। দৈনিক সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে কলকাতা। মহনাগরীর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ২৩।
রাজ্যের নির্বাচনী আবহে করোনাবিধি মেনে চলার কথা কঠোরভাবে বলা হলেও তা একাধিক জায়গায় তা মানা হচ্ছে না। বিশেষজ্ঞদের ধারণা, তারই জেরে হু হু করে সংক্রমণ বেড়ে গিয়েছে। তবে নির্বাচন শেষ হতে হতে রাজ্যের সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সোমবারের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় মাত্র ১,২৮৯ জনকে টিকা দেওয়া হয়েছে। তার আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ১ লক্ষ ২৯ হাজার ছাপিয়ে গিয়েছিল। এ পর্যন্ত রাজ্যে করোনা টিকাকরণ হয়েছে ৪৮ লক্ষ ৬৬ হাজার ৭৩৪ জনের। অন্যদিকে, রবিবার মোট ২৬,৫৪৫টি নমুনা পরীক্ষা হলেও সোমবারে তা কমে হয়েছে ১৮,১১৬।
এমনিতেই করোনার সেকেন্ড ওয়েভ তাণ্ডব চালাচ্ছে দেশের একাধিক রাজ্যে। বিশেষ করে মহারাষ্ট্রে করোনা রীতিমতো বিপজ্জনক রূপ নিয়েছে। প্রতিদিন সেই রাজ্যে হাজার-হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণে লাগাম টানতে ফের রাজ্যজুড়ে লকডাউনের চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ইিমধ্যেই প্রশালনিক কর্তাদের সঙ্গে লকডাউন করা নিয়ে আলোচনা সেরে রেখেছেন তিনি। এমনিতেই মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলায় কোথাও সম্পূর্ণ লকডাউন কোথাও আবার আংশিক লকডাউন চলছে। তবে সংক্রমণ যে গতিতে ছড়াচ্ছে, তাতে রাজ্যজুড়ে এবার লকডাউনের চিন্তাভাবনা শুরু হয়েছে।
মহারাষ্ট্রের পাশাপাশি দক্ষিণের রাজ্য কেরালা, কর্নাটকেও চোখ রাঙাচ্ছে করোনা। ছত্তীশগড়, পঞ্জাবের বিভিন্ন এলাকায় সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষত নির্বাচন চলতে থাকা দেশের পাঁচ রাজ্য নিয়ে ঘোর দুশ্চিন্তায় স্বাস্থ্যমন্ত্রক। ওই রাজ্যগুলিতে কোভিড প্রোটোকলকেও অনেকে পাত্তা দিচ্ছেন না। যার জেরে সংক্রমণ ছড়াচ্ছে। নির্বাচন পর্ব মেটার পর ওই রাজ্যগুলির পরিস্থিতি আরও বিপজ্জনক হওয়ার আশহ্কা করছেন বিশেষজ্ঞরা।
The post রাজ্যের করোনাগ্রাফ নিম্নমুখী, দৈনিক সংক্রমণ বেশ খানিকটা কমল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ubL7NL